অর্থকাগজ ডেস্ক>

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও জর্ডানকে ২-১ গোলে পরাজিত করে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে উত্তর আফ্রিকার দলটি। এই হারে নিজেদের প্রথম বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে জর্ডানের।

ম্যাচের শুরু থেকেই জর্ডান আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে। দ্রুতগতির পাল্টা আক্রমণে তারা আলজেরিয়ার রক্ষণভাগকে বেশ কয়েকবার চাপে ফেলে। এরই ধারাবাহিকতায় ৩৬তম মিনিটে নিজার আল-রাশদানের নিচু শটে গোল করে এগিয়ে যায় মধ্যপ্রাচ্যের দেশটি। প্রথমার্ধ শেষ হয় জর্ডানের ১-০ ব্যবধানের লিড নিয়ে।

বিরতির পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা শুরু করে আলজেরিয়া। অবশেষে ৬৯তম মিনিটে রিয়াদ মাহরেজের কর্নার থেকে বদলি ফরোয়ার্ড নাদির বেনবুয়ালি হেডে গোল করে সমতা ফেরান। গোলের পর আক্রমণের তীব্রতা আরও বাড়ায় আলজেরিয়ানরা।

ম্যাচের ৮২তম মিনিটে আবারও কর্নার থেকে সাফল্য পায় তারা। মাহরেজের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে বল জালে পাঠান আমিন গুইরি। সেই গোলই শেষ পর্যন্ত আলজেরিয়ার জয় নিশ্চিত করে।

জর্ডান লড়াকু পারফরম্যান্স উপহার দিলেও টানা দ্বিতীয় পরাজয়ে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। অন্যদিকে, এই জয়ে আলজেরিয়া গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে নকআউট পর্বের দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে। একই সঙ্গে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে মেসির আর্জেন্টিনা।

সর্বশেষ হালনাগাদ 16 hours আগে

Leave A Reply

Exit mobile version