অর্থকাগজ ডেস্ক> 

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে ইকুয়েডর। এই ঐতিহাসিক জয়ের আনন্দে শুক্রবার (২৬ জুন) দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছে প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়ার সরকার।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় জার্মানি। ম্যাচের দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে লিড নেয় ইউরোপের দলটি। তবে পাঁচ মিনিট পরই নিলসন আঙ্গুলো সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পেলেও ভিএআরের সিদ্ধান্তে তা বাতিল হয় জার্মানির। এরপর ৭৭ মিনিটে গঞ্জালো প্লাতার দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর, যা শেষ পর্যন্ত জয় এনে দেয় দক্ষিণ আমেরিকার প্রতিনিধিদের।

এই জয়ে সেরা আট তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইকুয়েডর। ঐতিহাসিক এই সাফল্য উদযাপনে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য এক দিনের ছুটি ঘোষণা করা হয়। সরকারের এক বিবৃতিতে বলা হয়, জার্মানির বিপক্ষে এই জয় দেশের গর্ব, ঐক্য ও আত্মবিশ্বাসের প্রতীক।

ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। ছেলেকে সঙ্গে নিয়ে স্টেডিয়াম থেকেই দলের জয় উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।

পরে এক প্রতিক্রিয়ায় নোবোয়া বলেন, কঠিন সময়, সমালোচনা ও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফ পুরো জাতিকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন। এজন্য তিনি দলের সবাইকে অভিনন্দন জানান।

গ্রুপ ‘ই’ থেকে জার্মানি চ্যাম্পিয়ন এবং আইভরি কোস্ট রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে। তৃতীয় স্থান নিয়ে পরের পর্বে ওঠা ইকুয়েডরের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

সর্বশেষ হালনাগাদ 2 months আগে

Leave A Reply

Exit mobile version