তারেক আবেদীন
দেশে জীবন বীমার ১৫টি কোম্পানির ব্যাংক হিসাব ও দাবী নিষ্পত্তি তথ্য চেয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক আইডিআরএ। ২০২২ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বর অবধি কোম্পানিগুলোর ব্যাংক হিসাব বিবরণী এবং দাবী নিষ্পত্তি তালিকা চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কোম্পানিগুলো হলো- সানলাইফ, হোমল্যান্ড, পদ্মা ইসলামী, প্রাইম ইসলামী, প্রগ্রেসিভ, প্রোটেক্টিভ ইসলামী, ফারইস্ট ইসলামী, সানফ্লাওয়ার, যমুনা, বেস্ট, স্বদেশ, এনআরবি ইসলামিক, বায়রা, গোল্ডেন ও ডায়মন্ড।কোম্পানিগুলোকে ৭ কর্মদিবসের মধ্যে উল্লিখিত তথ্য আইডিআরএকে প্রদান করতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
এসব কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে ২২ মে একটি চিঠি পাঠিয়েছেন আইডিআরএ'র পরিচালক আহম্মদ এহসান উল হান্নান।
নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ১৫টি জীবন বীমা কোম্পানির মধ্যে অধিকাংশের বিরুদ্ধে দাবী পরিশোধ না করা, হিসাবপত্রে গরমিল ও অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে। বেশ কিছু কোম্পানিতে গ্রাহক মেয়াদোত্তীর্ণ দাবির টাকার জন্য বারবার আসা যাওয়া করেও প্রাপ্য পাচ্ছে না! অপেশাদার হিসাব কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত কোম্পানির কার্যক্রমে অনিয়ম কমছে না। বীমা মালিকদের পারস্পরিক দ্বন্দ্ব এবং ব্যবস্থাপনায় অযাচিত ও অন্যায্য হস্তক্ষেপের কারণে কোম্পানির প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।
অকা/জীবী/বিপ্র/ই/ বিকেল/২৪ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 11 months আগে

Leave A Reply

Exit mobile version