অর্থকাগজ প্রতিবেদন>

টানা ছয় মাস ৩ বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় আসার ধারায় ভাটা পড়েছে। সদ্য সমাপ্ত জুন মাসে দেশে বৈধ চ্যানেলে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (প্রায় ২ দশমিক ৮১ বিলিয়ন ডলার) রেমিট্যান্স, যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে ছয় মাস পর আবারও মাসিক রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে এলো।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩৪২ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে এক মাসের ব্যবধানে জুনে রেমিট্যান্স কমেছে ৬১ কোটি ৯০ লাখ ডলার। এছাড়া ২০২৫ সালের জুনে প্রাপ্ত ২৮২ কোটি ৩০ লাখ ডলারের তুলনায় চলতি জুনে এসেছে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার কম। এসব তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

পরিসংখ্যান বলছে, ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত টানা ছয় মাস প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলারের ওপরে ছিল। ডিসেম্বরে আসে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার, জানুয়ারিতে ৩ দশমিক ১৭ বিলিয়ন, ফেব্রুয়ারিতে ৩ দশমিক ০১ বিলিয়ন, মার্চে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ বিলিয়ন, এপ্রিলে ৩ দশমিক ১২ বিলিয়ন এবং মে মাসে ৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। তবে অর্থবছরের শেষ মাস জুনে তা কমে ২ দশমিক ৮১ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

যদিও জুন মাসে রেমিট্যান্স প্রবাহে কিছুটা শ্লথগতি দেখা গেছে, পুরো অর্থবছরের চিত্র ছিল ইতিবাচক। ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের তুলনায় ১৭ দশমিক ৩০ শতাংশ বেশি। শক্তিশালী এই রেমিট্যান্স প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, আমদানি ব্যয় নির্বাহ এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সর্বশেষ হালনাগাদ 6 hours আগে

Leave A Reply

Exit mobile version