অর্থকাগজ প্রতিবেদন

পুঁজি বাজারে থেকে ফিক্সড প্রাইস পদ্ধতিতে ১৬ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পাওয়া ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হবে আগামীকাল। এ আবেদন চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত ৮৫৩তম কমিশন সভায় এ আইপিও অনুমোদন দেয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজি বাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড।

উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, পুঁজি বাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি। ৩০ জুন সমাপ্ত ২০২২ সময় পর্যন্ত কোম্পানিটির মোট উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ লাখ ২০ হাজার টাকা।

পুঁজি বাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

অকা/পুঁবা/ দুপুর, ২ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version