অর্থকাগজ ডেস্ক>

মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের অবিস্মরণীয় ইতিহাস নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসে তাৎপর্যপূর্ণ দিন ২৫ জুলাইকে স্মরণীয় করে রাখতে এদিন প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। এর মধ্য দিয়েই দর্শকের সামনে নিজেদের নির্মাণযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন নির্মাতা অনম বিশ্বাস ও তার দল।

১৯৭১ সালের ২৫ জুলাই স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। সেদিন ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল দলটি। বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহন করে খেলতে নামার সেই ঘটনা মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিরোধের অন্যতম উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সেই ঐতিহাসিক ঘটনাকেই সামনে রেখে শুরু হলো সিনেমাটির প্রচারণা।

প্রকাশিত প্রথম পোস্টারে ফুটে উঠেছে যুদ্ধকালীন বাংলাদেশের আবহ। পানিতে নিমজ্জিত জনপদের পটভূমিতে এক ফুটবলারের প্রতীকী ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং উড়তে থাকা লাল-সবুজের পতাকা—সব মিলিয়ে ফুটবলকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের সংগ্রাম, আত্মত্যাগ ও দেশপ্রেমের শক্তিশালী প্রতীক তুলে ধরা হয়েছে।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদসহ দেশের একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী।

নির্মাতা অনম বিশ্বাস জানিয়েছেন, চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্য সামনে রেখে ধাপে ধাপে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

‘ঠিকানা বাংলাদেশ’ কেবল একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়; এটি স্বাধীন বাংলা ফুটবল দলের সাহসী অভিযাত্রা, ক্রীড়ার মাধ্যমে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার প্রয়াস এবং মুক্তিযুদ্ধের এক অনালোচিত অধ্যায়ের চলচ্চিত্ররূপ। দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি মুক্তি পেলে দর্শক বড় পর্দায় দেখতে পাবেন স্বাধীন বাংলা ফুটবল দলের সেই অনন্য সংগ্রাম ও দেশপ্রেমের ইতিহাস।

সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

Leave A Reply

Exit mobile version