​নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন আশির দশকের জনপ্রিয় টিভি ও মঞ্চ অভিনেত্রী শায়লা খান। পেশাগত জীবনে সুদূর আমেরিকা ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত থাকলেও মন পড়েছিল সবসময় দেশের শিল্প-সংস্কৃতির সঙ্গেই। এবার খন্দকার হিমেল পরিচালিত মিউজিক্যাল ওয়েবফিল্ম ‘জলরঙের ফড়িং’-এর মাধ্যমে পর্দায় প্রত্যাবর্তন ঘটতে চলেছে এই গুণী অভিনেত্রীর। বিশেষ বিষয় হলো, শুধু অভিনয়ই নয়, এই প্রজেক্টের প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
​আশির দশকে বেশ কিছু একক নাটকে অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রথম ধারাবাহিক, আব্দুল্লাহ আল-মামুনের অমর সৃষ্টি ‘সংশপ্তক’-এ সুবর্ণা মুস্তাফার বড় বোন ‘আরিফা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন শায়লা খান। এরপর দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থেকে আমেরিকা ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকতা পেশায় মনোনিবেশ করেন। প্রায় তিন যুগ ধরে তিনি প্রবাসে শিক্ষকতা করে আসছেন।
​নতুন এই ওয়েবফিল্মটি প্রসঙ্গে অভিনেত্রী শায়লা খান বলেন, “প্রবাসে থাকলেও সবসময় দেশীয় সংস্কৃতির সঙ্গেই যুক্ত ছিলাম। সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে একজন শিল্পী হিসেবে কাজ করে গেছি। তাই যখনই দেশে ফিরেছি, দেশের পর্দায় হাজির হওয়ার তাড়নাটাও অনুভব করেছি। ‘জলরঙের ফড়িং’ অসম্ভব সুন্দর একটি গল্প।”
​শুভ্র খানের গল্পে এবং খন্দকার হিমেলের পরিচালনায় নির্মিত এই মিউজিক্যাল ওয়েবফিল্মটিতে একটি সিঙ্গেল মাদার ও নিঃসঙ্গ বেড়ে ওঠা সন্তানের মধ্যকার মানসিক দূরত্ব ও সম্পর্কের জটিলতার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এতে শায়লা খানের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সুপ্রতীম রায়। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং হারিয়ে যাওয়া সুর ফিরিয়ে আনার বার্তা নিয়ে খুব শীঘ্রই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘জলরঙের ফড়িং’।

সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

Leave A Reply

Exit mobile version