অর্থকাগজ প্রতিবেদন

বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে কেন্দ্রীয় ব্যাংক। স্টার্ট-আপ খাতের বিকাশ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণ ও টেকসই উন্নয়নে সহায়ক হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে ১৬টি তফসিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানির সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি সংযুক্ত থেকে উদ্যোক্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

নতুন সার্কুলার অনুযায়ী, স্টার্ট-আপ উদ্যোক্তারা এই তহবিল থেকে সর্বনিম্ন ২ কোটি থেকে সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত মেয়াদী ঋণ বা চলতি মূলধন ঋণ/বিনিয়োগ নিতে পারবেন। এতে নতুন উদ্যোগের পাশাপাশি বিদ্যমান ব্যবসাও সহজে অর্থায়নের সুযোগ পাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শুধু ঋণই নয়, উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি পুঁজি সহায়তার জন্য ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে একটি ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি গঠনের পরিকল্পনাও আলোচনায় রয়েছে। এর ফলে উদ্যোক্তারা সরাসরি পুঁজি বিনিয়োগের সুবিধা পাবেন, যা ঝুঁকিপূর্ণ হলেও উচ্চ সম্ভাবনাময় স্টার্ট-আপ খাতে বিনিয়োগকে উৎসাহিত করবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, স্টার্ট-আপ খাত দেশের অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ও ব্যবসায় উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু অর্থায়নের সীমাবদ্ধতার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা ব্যবসা এগিয়ে নিতে পারছিলেন না। নতুন এই তহবিল তাদের জন্য অর্থপ্রাপ্তি সহজ করবে এবং দেশের স্টার্ট-আপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।

অর্থনীতিবিদরা মনে করছেন, এ ধরনের তহবিল তরুণ উদ্যোক্তাদের ঝুঁকি নেওয়ার সাহস জোগাবে, স্থানীয় বাজারে প্রতিযোগিতা বাড়াবে এবং বাংলাদেশকে আঞ্চলিকভাবে স্টার্ট-আপ হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
অকা/ব্যাংখা/ই/সকাল/৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 6 months আগে

Leave A Reply

Exit mobile version