অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের দুই পুঁজি বাজারই সবগুলো সূচকের কমবেশি উন্নতি ধরে রাখে ২১ মে। দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল দুই পুঁজি বাজার। দিনের বেশির ভাগ সময় সূচকের এ উন্নতি বজায় ছিল। তবে বরাবরের মতো লেনদেনের শেষ পর্যায়ে বিক্রয়চাপের শিকার হয়ে বৃদ্ধি পাওয়া সূচকের পুরোটা ধরে রাখতে পারেনি বাজারগুলো। তবে এ সময় উভয় বাজারেই লেনদেন কিছুটা বৃদ্ধি পেয়েছে।

প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ মে ৬ দশমিক ২৭ পয়েন্ট বৃদ্ধি পায়। সকালে ৪ হাজার ৭৯৫ দশমিক ০৪ পয়েন্ট থেকে লেনদেন শুরু করা সূচকটি ২১ মে দিনশেষে ৪ হাজার ৮০১ দশমিক ৩২ পয়েন্টে স্থির হয়। ডিএসইর অন্য দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর যথাক্রমে ১ দশমিক ৫৯ ও ২ দশমিক ৯৬ পয়েন্ট উন্নতি ঘটে।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই এদিন ২৯ দশমিক ৫৭ পয়েন্ট উন্নতি ঘটে। এ সময় বাজারটির অন্য দুই সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচক যথাক্রমে ২৪ দশমিক ৫৩ ও ১৬ দশমিক ৭৭ পয়েন্ট বৃদ্ধি পায়।

সূচকের উন্নতির প্রভাব ছিল দুই পুঁজি বাজারের লেনদেনে। ডিএসই ২১ মে ৩২৬ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে যা আগের দিন অপেক্ষা ২৯ কোটি টাকা বেশি। ২০ মে বাজারটির লেনদেন ছিল ২৯৭ কোটি টাকা। চট্টগ্রামে ৫ কোটি টাকা থেকে ৭ কোটি ৮৪ লাখ টাকায় পৌঁছে লেনদেন।

এ দিকে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসই, সিএসইসহ পুঁজি বাজারের সব স্টেক হোল্ডারদের সাথে বৈঠকের পর পুঁজি বাজারের বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে। ২৯ মে বেলা ১১টায় আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বৈঠক অনুষ্ঠিত হবে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিনিয়োগকারীদের দাবির পরিপ্রেেিত এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ২০ মে বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, বাংলাদেশের পুঁজি বাজারের টেকসই উন্নয়ন ও সংস্কারের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএসইসির সাথে সাথে বর্তমান সরকারও দেশের পুঁজি বাজারের টেকসই উন্নয়ন ও সংস্কারের বিষয়ে অত্যন্ত আন্তরিক। পুঁজি বাজারের অংশীজনদের মতামত এবং তাদের সাথে নিয়েই বাজারের টেকসই উন্নয়ন ও সংস্কার বাস্তবায়ন সম্ভব বলে বিএসইসি মনে করে। সংস্কারের চলমান প্রক্রিয়া অনুসরণ করে দেশের পুঁজি বাজার সংশ্লিষ্ট সবার মতামত, অংশগ্রহণ ও সহযোগিতায় একটি স্বচ্ছ ও সমৃদ্ধ পুঁজি বাজার গড়ে তুলতে বিএসইসি বদ্ধপরিকর। আর সাধারণ বিনিয়োগকারীরা দেশের পুঁজি বাজারের প্রাণ। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের পুঁজি বাজারের বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে বিএসইসির উদ্যোগে পুঁজি বাজারের সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে ২৯ মে বেলা ১১টায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। এ ছাড়াও বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ওই সভায় উপস্থিত থাকবেন। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পুঁজি বাজারের সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে পুঁজি বাজারের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

মতবিনিময় সভায় পুঁজি বাজারের সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ একান্ত কাম্য। মতবিনিময় সভাটিতে বিনিয়োগকারীদের সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়। তবে মতবিনিময় সভাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পাদনের জন্য বিনিয়োগকারীদের সক্রিয় সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে সভায় অংশগ্রহণের সম্মতি প্রকাশ করে তাদের নাম-পরিচয় ও যোগাযোগের ফোন নম্বরসহ বিস্তারিত উল্লেখ করে সংগঠনের প্যাডে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বরাবর কমিশনের দাফতরিক ইমেইল ঠিকানায় পত্র প্রেরণের অনুরোধ করা হয়।

২১ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। ১৮ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকায় কোম্পানিটির ৩৪ লাখ ৮৩ হাজার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। ১৭ কোটি ৯২ লাখ ৪২ হাজার টাকায় কোম্পানিটির ৪ লাখ ৭৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে গতকাল। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ছিলÑ বাংলাদেশ শিপিং করপোরেশন, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, শাইনপুকুর সিরামিক্স, মিডল্যান্ড ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, এনআরবি ব্যাংক এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে, খাপন ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ওরিয়ন ইনফিউশন, ফাইন ফুডস, ওয়ালটন হাইটেক ইঞ্জিনিয়ারিং, রবি অজিয়াটা, বাংলাদেশ শিপিং করপোরেশন, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।

এদিন ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৭টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল টি কোম্পানির। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিগেসি ফুটওয়্যারের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৮৫ শতাংশ। আর ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরো ছিল যথাক্রমে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইনফরমেশন সার্ভিসেস, ডেসকো, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড ও পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অপর দিকে সবচেয়ে বেশি দর কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৬.৫০ শতাংশ কমেছে। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিল বাংলার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৯০ পয়সা বা ৫.৫৩ শতাংশ। এ তালিকায় আরো ছিল যথাক্রমে ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স, ইউসিবি, বারাকা পতেঙ্গা পাওয়ার, প্রাইম ফিন্যান্স, তুং হাই নিটিং ও শার্প ইন্ডাস্ট্রিজ। ●

অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/২২ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 9 months আগে

Leave A Reply

Exit mobile version