অর্থকাগজ প্রতিবেদন

সারাদেশে প্রতি বছরের মতো এবারও ১ মার্চ জাতীয় বীমা দিবস উদযাপন করা হবে। জাতীয় বীমা দিবস-২০২৩ উপলক্ষ্যে এবারের প্রতিপাদ্যের বিষয় হচ্ছে - ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’। ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে রাজধানীর দিলকুশাস্থ বীমা খাতের নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এ ঘোষণা দেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর সমন্বয়ে জাতীয় বীমা দিবস উদযাপিত হবে।

রাজধানীর শেরে বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য সকালের জাতীয় বীমা দিবসের সরাসরি উদ্বোধন করবেন প্রধান অতিথি শেখ হাসিনা, এমপি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এবং বাংলাদেশ বীমা এসোসিয়েশেন এর সভাপতি শেখ কবির হোসেন বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থাকবেন।

প্রশ্নোত্তর পর্বে আইডিআরএ এর চেয়ারম্যান সাংবাদিকদের জানান, মানুষের জীবনে বীমা হচ্ছে বড় নিরাপত্তা। কিন্তু বীমার প্রয়োজনীয়তা বৃদ্ধির লক্ষে আমরা দেশের সকল জনগণকে সচেতন করে তুলতে পারিনি। বীমা সংগ্রহে তৃণমূলে এজেন্ট (বীমা প্রতিনিধি) শিক্ষিত না হওয়ায় গোটা খাতে সমস্যা তৈরি হচ্ছে। শিক্ষিত জনবল ছাড়া দেশের বীমা খাতের উন্নয়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে অনেকের মাঝে আস্থার সংকট তৈরি হয়েছে। সারাদেশে বীমার এ ধরণের কর্মধারা মানুষকে সচেতনতা বাড়াতে সহায়তা করবে।

লিখিত বক্তব্যে দেয়া পরিসংখ্যানে চেয়ারম্যান জানান, ২০২২ খ্রিষ্টাব্দে দেশে পরিচালিত ৮১টি বীমা কোম্পানির (৩৫টি লাইফ ও ৪৬টি নন লাইফ) মোট প্রিমিয়াম ১১ হাজার ৩ শ’ ৯৯ দশমিক ৫১ কোটি টাকা। এরমধ্যে নন লাইফের অবদান ৫ হাজার ৪ শ’ ১৩ দশমিক ১৪ কোটি টাকা। মোট ব্যবসায়ের এ অংক অনিরীক্ষিত।

সংবাদ সম্মেলনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম, সদস্য (আইন) মো. দলিল উদ্দিন, সদস্য (লাইফ) কামরুল হাসান, সদস্য (নন লাইফ) মে. নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক হারুন-উর-রশিদ, ড. নাজনীন কাউসার চৌধুরী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট বি. এম. ইউসুফ আলী প্রমুখ।

অকা/বীখা/সন্ধ্যা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version