চৌধুরী মো. শাহেদ ●
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সাবেক কোম্পানি সচিব ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহির উদ্দিনের আর্থিক পাওনা দ্রুত পরিশোধের জন্য কোম্পানিটিকে দেশের বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আজ ২৭ আগস্ট নির্দেশ দিয়েছে।
কর্তৃপক্ষের সূত্র অর্থকাগজকে জানায়, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সাবেক এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে কোম্পানি থেকে তার চাকরির বেতন ও অন্যান্য পাওনা আদায়ের জন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আবেদনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করছিলেন।
আজ আইডিআরএ’র পরিচালক মোহাঃ আব্দুল মজিদ স্বাক্ষরিত এক স্মারকে (৫৩.০৩.০০০০.০৭১.২৭.০০৩.২৪.৪) প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তাকে ৭ কার্যদিবসের মধ্যে মো. জহির উদ্দিনের দাবীকৃত আইনসঙ্গত পাওনা ৩৯ লাখ ৭৮ হাজার ১২০ টাকা পরিশোধ করে দেওয়ার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর দায়িত্বশীল একজন কর্মকর্তা অর্থকাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষের সে নির্দেশে স্মারক পত্রে একই বিষয় উল্লেখ করে ২ জুলাই ও ১৫ আগস্ট জহির উদ্দিনের আর্থিক পাওনাদি পরিশোধের ব্যাপারে নিষ্পত্তি করার জন্য বলা হয়। কিন্তু তার পাওনা পরিশোধে কোম্পানি তা আমলে নেয়নি। এতে বলা হয়, জহির উদ্দিনের আর্থিক পাওনাদি পরিশোধের ক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে কোন কিছু কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি। যা অনাভিপ্রেত এবং কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করার নামান্তর।
ভূক্তভোগী কর্মকর্তা মোঃ জহির উদ্দিন, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা, কোম্পানির চেয়ারম্যানের স্টাফ অফিসার এবং আইডিআরএ’র সদস্যদের সহকারীদের অনুলিপি দেওয়া হয়েছে।
মোঃ জহির উদ্দিন অর্থকাগজকে জানান, ২০২৩ সালের ৩১ জুলাই প্রগ্রেসিভ লাইফ থেকে জহির উদ্দিনকে বের করে দেওয়া হয়! ‘কোম্পানিতে তার প্রয়োজন নেই’ জানিয়ে বেআইনি কোম্পানি পর্ষদের ভাইস চেয়ারম্যান বজলুর রশিদ ও তার কথিত ‘মাস্তান বাহিনীর’ নেতা কম্পিউটার অপারেটর বেলাল ও তার সহযোগীদের মাধ্যমে কোম্পানি থেকে তাকে বের করে দেন বলে জহির সংবাদপত্রে অভিযোগ করেন।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সাবেক কোম্পানি সচিব ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহির উদ্দিনের আর্থিক পাওনা দ্রুত পাবেন বলে আশা প্রকাশ করেছেন। তার ব্যাপারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চিঠিটি তার হস্তগত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দের সঙ্গে তিনি আজ সে জন্য মন্তব্য প্রদান করেছেন। ●
অকা/বীখা/প্র/রাত/২৭ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

