অর্থকাগজ ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে প্রতিদিন প্রায় ৬ লাখ সাইবার হামলা চালানো হচ্ছে, যা ঘণ্টায় প্রায় ২৫ হাজার এবং প্রতি মিনিটে ৪১৬টিরও বেশি। সংযুক্ত আরব আমিরাতের সাইবার নিরাপত্তা পরিষদের প্রধান ড. মোহাম্মদ আল কুয়েতি এ তথ্য জানিয়েছেন।
ড. আল কুয়েতি জানান, দেশের উন্নত সাইবার নিরাপত্তা সক্ষমতার কারণে নাগরিক ও বাসিন্দাদের পরিষেবায় কোনও বিঘ্ন না ঘটিয়েই কর্তৃপক্ষ এসব হামলা শনাক্ত ও ব্যর্থ করে দিতে সক্ষম হচ্ছে। দেশের আধুনিক ডিজিটাল অবকাঠামো, পূর্বপ্রস্তুতি, তদারকি ও দ্রুত পদক্ষেপ জাতীয় সাইবার নিরাপত্তার মূল স্তম্ভ হিসেবে কাজ করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ব্যবহারের ফলে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও কৌশলগত খাতগুলোকে লক্ষ্য করে চালানো সাইবার হামলাগুলো আরও জটিল ও পেশাদার রূপ নিচ্ছে। তা সত্ত্বেও উন্নত প্রযুক্তি ও উচ্চ কার্যক্ষমতার মাধ্যমে আমিরাতের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা সফলভাবে এসব প্রতিরোধ করছে।
ড. আল কুয়েতি জানান, বিশ্বব্যাপী সাইবার হুমকির তালিকায় ফিশিং হামলা শীর্ষস্থানে রয়েছে। এর পাশাপাশি ডিনায়েল অব সার্ভিস (ডিওএস) হামলা, র্যানসামওয়্যার হামলা, তথ্য চুরি ও তথ্য মুছে ফেলা, ম্যালওয়্যার সংক্রমণ এবং সংবেদনশীল তথ্য চুরির চেষ্টাও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ ছাড়া জিরো-ডে আক্রমণকে অন্যতম গুরুতর চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। জিরো-ডে হামলা সফটওয়্যার নিরাপত্তা আপডেট দেওয়ার আগেই এর অজানা ত্রুটি ব্যবহার করে চালানো হয়, যা শনাক্ত ও প্রতিরোধ করা অত্যন্ত কঠিন।
সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

