রুনা হোসেন>
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে আরও কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে নতুন ব্যাংকিং সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) আওতায় এখন থেকে প্রবাসীরা ‘অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব’ খুলতে পারবেন।
মঙ্গলবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়ে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। নতুন এ সুবিধার মাধ্যমে প্রবাসীদের সঞ্চয়, বিনিয়োগ এবং রেমিট্যান্স ব্যবস্থাপনা আরও সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
নির্দেশনা অনুযায়ী, বৈধ চ্যানেলে দেশে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে এই হিসাব খোলা যাবে। হিসাবটি সঞ্চয়ী, চলতি কিংবা মেয়াদি আমানত—যেকোনো ধরনের হতে পারে। এতে রেমিট্যান্সের অর্থ ছাড়াও অন্য অনিবাসী হিসাব থেকে স্থানান্তরিত অর্থ, সুদ বা মুনাফা এবং শেয়ারবাজার ও অন্যান্য অনুমোদিত বিনিয়োগ থেকে অর্জিত আয় জমা রাখা যাবে।
নতুন হিসাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর সম্পূর্ণ প্রত্যাবাসনযোগ্য সুবিধা। অর্থাৎ হিসাবধারী চাইলে জমাকৃত অর্থ ও অর্জিত মুনাফা যে কোনো সময় বিদেশে স্থানান্তর করতে পারবেন।
এ হিসাবের অর্থ দিয়ে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ, পুঁজিবাজারে বিনিয়োগ, স্থানীয় লেনদেন এবং অন্যান্য বৈদেশিক মুদ্রা হিসাবেও অর্থ স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে। ফলে প্রবাসীদের জন্য দেশে বিনিয়োগের ক্ষেত্র আরও বিস্তৃত হবে।
এছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও অনুরূপ শিল্পাঞ্চলের নির্দিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্থানীয় মুদ্রায় ঋণ দেওয়ার সুযোগও থাকবে। তবে এসব ঋণ কেবল পরিচালন ব্যয় মেটাতে ব্যবহার করা যাবে এবং তা রপ্তানি আয় থেকে পরিশোধ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এই হিসাবের বিপরীতে জামানত রেখে প্রবাসীরা দেশের ব্যাংক থেকে ব্যক্তিগত বা ব্যবসায়িক ঋণ গ্রহণ করতে পারবেন। তবে কৃষি, প্ল্যান্টেশন ও রিয়েল এস্টেট খাতে ওই ঋণের অর্থ ব্যবহার করা যাবে না।
সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

