বগুড়া প্রতিনিধি
দেশের ১৩তম বগুড়া সিটি কর্পোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা হয়েছে। আজ রোববার বিকেলে নগরীর শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক এম.আর.ইসলাম স্বাধীন। ঘোষিত বাজেটে কর খাতে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ৭৯ কোটি ৪০ লাখ টাকা। বিগত অর্থবছরে এইখাতের আয় ছিলো ৪০ কোটি ৬৬ লাখ টাকা। সে হিসেবে এবার আগের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে নতুন এই নগরীর কর।
দেশের দেড়শ বছর বয়সী বগুড়া পৌরসভাকে গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৩ তম সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন করেন। নবসৃষ্ট এই সিটি কর্পোরেশনের প্রথম প্রস্তাবিত বাজেটে প্রশাসক জানান, নতুন এই কর্পোরেশনের জন্য নতুন অর্থবছরে ১৪১৭ কোটি ৪৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বৃক্ষরোপন এবং বর্জ্য অপসারণসহ বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসান তৈয়ব জাকির সহ সিটি করপোরেশনের কর্মকর্তা এবং নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

