অর্থকাগজ ডেস্ক> 

বিশ্বকাপ ফাইনালের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বড় ধরনের বিঘ্নের মুখে পড়েছে স্পেন। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের মাত্র একদিন আগে বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে ইউরো চ্যাম্পিয়নরা।

স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় (বাংলাদেশ সময় শনিবার রাত ৯টা) নিউ জার্সির হুইপ্যানিতে স্পেন দলের শেষ অনুশীলন হওয়ার কথা ছিল। নিউইয়র্ক রেড বুলসের সাবেক ট্রেনিং সেন্টার এবং এনডব্লিউএসএলের ক্লাব গথাম এফসির ভবিষ্যৎ অনুশীলন কমপ্লেক্সে সেশনটি আয়োজনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল।

কিন্তু অনুশীলন শুরুর আগেই এলাকায় বজ্রপাতের আশঙ্কা দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে প্রথমে অনুশীলন কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়। পরে আবহাওয়ার উন্নতি না হওয়ায় পুরো সেশনই বাতিল ঘোষণা করা হয়।

আয়োজকদের নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, অনুশীলনস্থলের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে সব ধরনের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ রাখতে হয়। এরপর প্রতি ৩০ মিনিট পরপর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং ঝুঁকি পুরোপুরি কেটে গেলে তবেই মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

শনিবার সকালজুড়ে প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকায় স্প্যানিশ ফুটবলারদের আর মাঠে নামার সুযোগ হয়নি। ফলে কোনো অনুশীলন ছাড়াই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

এদিকে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই মহারণ।

সর্বশেষ হালনাগাদ 22 hours আগে

Leave A Reply

Exit mobile version