অর্থকাগজ প্রতিবেদন

রাজধানীর বিজয় রাকিন সিটিতে বর্তমান প্রশাসকের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন 'মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি'-র সদস্যরা। শুক্রবার অনুষ্ঠিত কর্মসূচিতে প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিভিন্ন অভিযোগ তুলে তার অবিলম্বে অপসারণের দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অভিযোগ, বর্তমান প্রশাসক সমিতির মূল কার্যালয় ও একাধিক ফ্ল্যাট বেআইনিভাবে দখল করেছেন। এছাড়া সমিতির ব্যাংকে গচ্ছিত বিপুল পরিমাণ অর্থ আত্মসাতেরও অভিযোগ করেন তারা।

বিক্ষোভকারীদের আরও দাবি, নতুন সদস্য করে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আবু মো. ইশতিয়াক আজিজ উলফাতকে প্রশাসকের পদ থেকে দ্রুত প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তারা।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত, দুর্নীতির বিচার এবং প্রশাসকের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

উল্লেখ্য, এ বিষয়ে অভিযুক্ত প্রশাসক আবু মো. ইশতিয়াক আজিজ উলফাতের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

Leave A Reply

Exit mobile version