অর্থকাগজ প্রতিবেদন> 

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদে অভ্যন্তরীণ বিরোধ ও আর্থিক অনিয়মের অভিযোগের পর অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংগঠনের বিতর্কিত ১২টি গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম), সামার ফেয়ারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের দপ্তরে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযোগকারী ও অভিযুক্ত— উভয় পক্ষকে প্রয়োজনীয় নথিপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছিল। শুনানি শেষে অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত রিহ্যাবের তহবিল থেকে ২ কোটি টাকা ব্যয়, বার্ষিক সাধারণ সভা (এজিএম), উত্তরা রিহ্যাব সেন্টারের জমিতে ভবন উদ্বোধন, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুতি এবং প্রস্তাবিত ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ আয়োজনসহ মোট ১২টি কার্যক্রম স্থগিত থাকবে।

এজিএম ও সামার ফেয়ার অনিশ্চিত

আগামী শনিবার রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রকাশনা ও অন্যান্য প্রস্তুতিও প্রায় শেষ হয়েছিল। এছাড়া আগামী ১২ আগস্ট ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার আয়োজনের প্রস্তুতিও অনেক দূর এগিয়ে গিয়েছিল। স্টল বরাদ্দ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমও সম্পন্ন হয়েছিল।

শেষ মুহূর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশের ফলে এসব আয়োজন বাতিল বা পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এতে সংগঠনকে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

১০ পরিচালকের অভিযোগ

বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া অভিযোগে রিহ্যাবের সহসভাপতি-১ মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ ১০ জন পরিচালক সভাপতির বিরুদ্ধে পর্ষদকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক অনিয়মের ১২টি অভিযোগ উত্থাপন করেন।

অভিযোগে বলা হয়, গত ২২ জুলাই পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই সংগঠনের তহবিল থেকে সভাপতি আলী আফজাল ও জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাকের যৌথ স্বাক্ষরে ২ কোটি টাকা উত্তোলন করা হয়। এছাড়া গত তিন মাসে পর্ষদের অনুমোদন ছাড়াই আরও প্রায় ৫০ লাখ টাকা ব্যয় করা হয়েছে, যা এখনো পরিচালনা পর্ষদের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়নি।

স্ট্যান্ডিং কমিটি গঠন নিয়েও প্রশ্ন

অভিযোগকারীদের দাবি, রিহ্যাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি গঠনে সংঘবিধি অনুসরণ করা হয়নি। পরিচালনা পর্ষদের নির্বাচিত সদস্যদের উপেক্ষা করে সভাপতি ও জ্যেষ্ঠ সহসভাপতি নিজেদের ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ীকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন।

এছাড়া কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও চাকরিচ্যুতি, সংগঠনের গোপন তথ্য ফাঁস এবং ক্রয়সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বিলুপ্ত করার মতো একাধিক সিদ্ধান্তও পর্ষদের অনুমোদন ছাড়াই নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

পরিচালকের বক্তব্য

রিহ্যাবের পরিচালক মাহবুবুর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ১২টি কার্যক্রম স্থগিত থাকবে।

তার ভাষ্য, তারা কোনো ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন না; বরং পরিচালনা পর্ষদকে পাশ কাটিয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতার বিরোধিতা করছেন। তার অভিযোগ, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়া থেকে শুরু করে রিহ্যাব সামার ফেয়ারের ভেন্যু, স্টল বরাদ্দ ও ফি নির্ধারণ—এসব সিদ্ধান্তও বোর্ডকে সম্পৃক্ত না করেই নেওয়া হয়েছে।

তিনি বলেন, তদন্তে যদি অভিযোগের সত্যতা না পাওয়া যায়, তাহলে সেটিই মেনে নেওয়া হবে। আর যদি সংঘবিধি ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জ্যেষ্ঠ সহসভাপতির প্রতিক্রিয়া

রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাক বলেন, "মন্ত্রণালয় এজিএম স্থগিত করেছে। আমরা আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেব।"

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রিহ্যাবের সভাপতি মো. আলী আফজালের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তদন্তের দিকে নজর

রিহ্যাব দেশের আবাসন খাতের অন্যতম বৃহৎ বাণিজ্য সংগঠন। সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধ ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ওঠা অভিযোগ এখন সরকারি তদন্তের আওতায় চলে যাওয়ায় পুরো আবাসন খাতের দৃষ্টি তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে। তদন্তের ফলাফলের ওপর নির্ভর করবে স্থগিত থাকা কার্যক্রম পুনরায় চালু হবে কি না এবং অভিযোগের বিষয়ে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ কী হবে।

 
 

সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

Leave A Reply

Exit mobile version