অর্থকাগজ প্রতিবেদন ●
কয়েক বছর ধরে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আড়াই থেকে তিন বিলিয়ন আসছে বলে প্রচার করা হতো। এমনকি ২০২৩-২৪ অর্থবছরের মার্চ পর্যন্ত প্রকাশিত ৯ মাসের (জুলাই-মার্চ) হিসাবে প্রায় সোয়া দুই বিলিয়ন ডলার এফডিআই এসেছে বলেই তথ্য প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর হঠাৎ করেই বদলে গেল এফডিআইয়ের হিসাব। ছলচাতুরী বাদ দিয়ে বিদেশি বিনিয়োগের সঠিক হিসাব প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক।
গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ওয়েব সাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, গত পাঁচ অর্থবছর ধরেই এফডিআইয়ের হিসাব প্রায় দ্বিগুণ দেখানো হচ্ছে। এতে পাঁচ বছরে দেশে আসা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সাত বিলিয়ন ডলার বেশি দেখিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। নিট এফডিআইয়ের সংশোধিত হিসাব প্রকাশ করা হয়েছে। এতে গত পাঁচ অর্থবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেশি দেখানো হয়েছে প্রায় সাত দশমিক ০৯৩ বিলিয়ন ডলার বা ৯৬ দশমিক ৭৪ শতাংশ।
এর আগে রফতানির হিসাব নিয়েও ছলচাতুরী করত কেন্দ্রীয় ব্যাংক। কয়েক বছর ধরে সংবাদ মাধ্যমগুলো এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর গত জুলাইয়ে সঠিক তথ্য প্রকাশ করা হয়। সে সময় দেখা যায়, গত অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ১১ বিলিয়ন ডলার বা ৩০ শতাংশ রফতানি বেশি দেখিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। রফতানির হিসাব বেশি দেখানোয় কয়েক বছর ধরে চলতি হিসাব ও বাণিজ্য ভারসাম্যের হিসাব গড়মিল হয়ে আসছিল।
২০২৩-২৪ অর্থবছর দেশে আসা এফডিআইয়ের মধ্যে ইক্যুইটি ক্যাপিটাল তথা নতুন পুঁজি এসেছে মাত্র ৬৬৭ দশমিক ৫০ মিলিয়ন ডলার, রিইনভেস্টেড আরনিংস ৬১৪ দশমিক ৯৩ মিলিয়ন ডলার এবং ইন্ট্রা-কোম্পানি (আন্ত কোম্পানি) ঋণ ১৮৫ দশমিক ৭৩ মিলিয়ন ডলার। গত অর্থবছর সর্বোচ্চ এফডিআই এসেছে যুক্তরাজ্য থেকে, যার পরিমাণ ৫০৬ দশমিক ৫৩ মিলিয়ন ডলার। এছাড়া চীন থেকে ২৮৩ দশমিক ৫৬ মিলিয়ন ও দক্ষিণ কোরিয়া থেকে ২৪৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে।
এদিকে গত অর্থবছর সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে তৈরি পোশাক খাতে, যার পরিমাণ ৪৩৫ দশমিক ৭৮ মিলিয়ন ডলার। আর ব্যাংক খাতে বিদেশি বিনিয়োগ এসেছে ২২৯ দশমিক ৭৩ মিলিয়ন ডলার। গত জুন শেষে দেশে এফডিআই স্টকের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ১৭ দশমিক ৫৪৩ বিলিয়ন ডলার। ●
অকা/ব্যাংখা/ই/ বিকেল, ৩১ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

