কামরুজ্জামান চাঁদ>

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলা ও প্রয়োজনীয় নথিপত্র দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারসংক্রান্ত অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রমের অংশ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে। আশা করছি, সেখানকার সরকার দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।”

দুদকের আবেদনের পর আদালতের নির্দেশে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ এবং বিভিন্ন ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। তদন্তে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে একাধিক মামলা বর্তমানে বিচারিক প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে অনুষ্ঠানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর মোহাম্মদপুরসহ অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। তিনি বলেন, “মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এলাকাটিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

বর্তমান সরকারের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় কার্যক্রম আগের যেকোনো সময়ের তুলনায় গতিশীল বলে দাবি করে তিনি বলেন, এর সুফল ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের স্বীকৃতি দিতেই পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আওয়ামী লীগের কার্যক্রম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির কার্যক্রমের বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে

সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

Leave A Reply

Exit mobile version