অর্থকাগজ প্রতিবেদন ●
বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ২০২৪-২৫ অর্থ বছরে ৩২টি দেশী ও বিদেশী প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণ করেছে। ইপিজেডসমূহ এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের এই বিনিয়োগ বাংলাদেশের শিল্পায়নে বেপজার গুরুত্বপূর্ণ ভূমিকা আরো সুদৃঢ় করছে।
ক্রমবর্ধমান বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে বেপজা ১৩ মে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেডের সাথে একটি লিজ চুক্তি স্বাক্ষর করে।
প্রতিষ্ঠানটি ঈশ্বরদী ইপিজেডে একটি প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ কারখানা স্থাপন করবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসির উপস্থিতিতে বেপজা কমপ্লেক্স, ঢাকায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং মেসার্স কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান মি. সং সিলিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেড ৪৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ৫২ লাখ ৫০ হাজার ডজন পলিব্যাগ, হ্যাং ট্যাগ ও পেপার ট্যাগ তৈরি করবে যেখানে ২৪০ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ গন্তব্য হিসেবে ঈশ্বরদী ইপিজেডকে বেছে নেয়ায় কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজিকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজিসহ অন্যান্য চীনা বিনিয়োগকারীদের বৈচিত্র্যময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। ●
অকা/আখা/ফর/রাত/১৩ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 10 months আগে

