অর্থকাগজ প্রতিবেদন >

অসুস্থতার কারণে মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি অসুস্থতার কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে তিনি পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শপথও নিয়েছিলাম। তাই সাংবিধানিক বিধান অনুসারেই আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।”

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন তার শারীরিক অবস্থার বিস্তারিত উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার Autonomic Neuropathy রোগ ধরা পড়ে, যার ফলে তিনি মাঝে মাঝে হঠাৎ অল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।

রাষ্ট্রপতি পদত্যাগপত্রে উল্লেখ করেন, শারীরিক ও মানসিক সক্ষমতা কমে যাওয়ায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

Leave A Reply

Exit mobile version