নিজস্ব প্রতিবেদক>
শিক্ষার্থীদের দেশীয় ফল সম্পর্কে আগ্রহ বাড়ানো, পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং প্রকৃতির সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নিয়ে ব্যতিক্রমী ফল উৎসবের আয়োজন করেছে রাজধানীর মিরপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইনোভেটিভ স্কুল।
উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, কলা, তরমুজ, পেঁপে, পেয়ারা, ড্রাগন ফল, কমলা, ডাবসহ নানা ধরনের দেশি ও মৌসুমি ফল দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো হয় বিভিন্ন স্টল। রঙিন সাজসজ্জা, ফলের নান্দনিক উপস্থাপন এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে বিভিন্ন ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং ফল চাষের গুরুত্ব তুলে ধরে। তারা অতিথি, অভিভাবক ও সহপাঠীদের বিভিন্ন ফল সম্পর্কে তথ্য জানায় এবং ফল খাওয়ার উপকারিতা নিয়ে সচেতনতামূলক বার্তাও দেয়। উৎসবে অংশগ্রহণকারীরা বিভিন্ন ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি দেশীয় ফলের বৈচিত্র্য সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
ইনোভেটিভ স্কুলের ভাইস প্রিন্সিপাল মাজেদা মোরশেদ ডেইজি জানান, শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজের দক্ষতা, উপস্থাপনা ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। একই সঙ্গে তারা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হয়।
খুদে শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের কাছে অত্যন্ত আনন্দের। নিজেদের হাতে স্টল সাজানো, ফল সংগ্রহ করা, ফলের বৈশিষ্ট্য তুলে ধরা এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মজাই আলাদা। অভিভাবকদের প্রত্যাশা, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও ব্যবহারিক জ্ঞান বিকাশে ইনোভেটিভ স্কুল কর্তৃপক্ষ আগামীদিনেও এ ধরনের শিক্ষামূলক ও আনন্দঘন কর্মসূচি অব্যাহত রাখবে।
সর্বশেষ হালনাগাদ 17 hours আগে

