অর্থকাগজ প্রতিবেদন ●
চেকের টাকা নগদায়নের আগে তা দিয়ে শেয়ার কেনা যাবে না বলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যে নির্দেশনা দিয়েছিল মাস না যেতেই সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
নতুন নির্দেশনা দিয়ে বিএসইসি বলেছে, এখন থেকে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো বিনিয়োগকারীদের থেকে চেক, পে অর্ডার ডিমান্ড ড্রাফট বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অন্য কোনো মাধ্যমে টাকা পেলে সেই টাকা নগদ করার আগে লেনদেন করতে পারবে।
তবে এ সুযোগ দেওয়ার পাশাপাশি বিএসইসি চারটি শর্ত দিয়েছে। এ চারটি শর্ত দেওয়া হয়েছে ব্রোকারেজ হাউজের জন্য। বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি নিয়ন্ত্রক সংস্থাটির।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সই করা এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো বিনিয়োগকারীদের থেকে চেক, পে অর্ডার ডিমান্ড ড্রাফট বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অন্য কোনো মাধ্যমে টাকা পেলে সেই টাকা নগদ করার আগে লেনদেন করতে পারবে।
চেকের টাকা নগদায়নের আগে তা দিয়ে শেয়ার কেনার সুযোগ দিয়ে জারি করা এ নির্দেশনায় গ্রাহককে অনলাইনে টানা স্থানান্তরে উৎসাহ দেওয়ার পরামর্শ দিয়েছে বিএসইসি। একই সঙ্গে বিএসইসির শর্ত বাস্তবায়ন করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিএসইসির দেওয়া ৪ শর্ত
>>> বিনিয়োগকারীর জমা দেওয়া চেক যদি ব্রোকারেজ হাউজ বা মার্চেন্ট ব্যাংক সেদিন বা পরের কর্মদিবসে ব্যাংকে জমা না দেয়, তাহলে পরের এক বছরের জন্য আইপিওতে যোগ্য বিনিয়োগকারীর সুযোগ-সুবিধা হারাবে তারা।
>>> সেই চেক যদি বাউন্স করে, অর্থাৎ ব্যাংক হিসাবে যদি সমপরিমাণ টাকা পাওয়া না যায়, তখন ব্রোকারেজ বা মার্চেন্ট ব্যাংকের হিসাব থেকে সে টাকা দিতে হবে। সেটিও যদি না হয়, তাহলে সেই প্রতিষ্ঠান আইপিওতে এক বছরের জন্য সব সুবিধা হারাবে।
>>> যে গ্রাহকের চেক বাউন্স করবে, তিনি পরের এক বছর পুঁজিবাজারে আর লেনদেন করতে পারবেন না।
>>> প্রতিটি স্টক ব্রোকারকে ডিজঅনার চেকের তালিকা মাস শেষ হওয়ার ১০ দিনের মধ্যে বিএসইসিকে পাঠাতে হবে।
এর আগে গত ১১ অক্টোবর জারি করা বিএসইসির এক নির্দেশনায় বলা হয়, চেকের টাকা নগদায়নের আগে তা দিয়ে শেয়ার কেনা যাবে না।
বিএসইসি থেকে আসা এমন নির্দেশনার পর শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা দেখা যায়। একই সঙ্গে শেয়ারবাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে চেক দিয়েই শেয়ার কেনার সুযোগ দেয়ার দাবি জানানো হয়। এরই প্রেক্ষিতে এখন আগের সিদ্ধান্ত থেকে সরে এলো বিএসইসি।
#
অকা/পূঁবা/ রাত, ১ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

