অর্থকাগজ প্রতিবেদন ●
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২৯ মে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার। গত বছরের এই সময়ে রিজার্ভ ছিল ২ হাজার ৪২২ কোটি ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী ২৯ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভছিল ২ হাজার ৫৭ কোটি ডলার ডলার।
গত বছর একই সময়ে বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ১ হাজার ৮৭২ কোটি ডলার। তার মানে, এক বছরে ব্যবহারযোগ্য রিজার্ভ বেড়েছে ১৮৫ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১০ মাসে ৩ হাজার ৬৫৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এই রফতানি ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৬১ শতাংশ বেশি। অন্যদিকে চলতি অর্থ বছরের জুলাই-এপ্রিল সময়ে ২ হাজার ৪৫৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। এই আয় ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ের চেয়ে ২৮ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি হিসাবের ভারসাম্যে ৬৬১ কোটি ডলারের বড় ঘাটতি নিয়ে ২০২৩-২৪ অর্থ বছর শেষ হয়। তার আগের অর্থ বছরে (২০২২-২৩) ঘাটতি ছিল আরও বেশি, ১ হাজার ১৬৩ কোটি ডলার। অবশ্য ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) চলতি হিসাবের ঘাটতি কমে ১৩৯ কোটি ডলারে দাঁড়িয়েছে।
সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রফতানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১০ মাসে আমদানি কিছুটা বাড়লেও পণ্য রফতানি ও রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে ঘাটতি কমে এসেছে।
২০২৩-২৪ অর্থ বছরের শেষে আর্থিক হিসাবে উদ্বৃত্তের পরিমাণ ছিল ৪৫৪ কোটি ডলার। তার আগের অর্থ বছর উদ্বৃত্ত ছিল ৬৮৯ কোটি ডলার। তবে চলতি ২০২৪-২৫ অর্থ বছর আর্থিক হিসাব ঘাটতি নিয়ে শুরু হয়। যদিও ১০ মাস শেষে আর্থিক হিসাবে উদ্বৃত্ত আছে ১৯৬ কোটি ডলার।
ডলার-সংকট তীব্র হয়ে ওঠায় দেড় দশকের মধ্যে ২০২২-২৩ অর্থ বছরের শুরুতে প্রথমবারের মতো এ হিসাবে ঘাটতি দেখা দেয়। দেশে আন্তর্জাতিক সম্পদের মালিকানা হ্রাস-বৃদ্ধির বিষয়টি পরিমাপ করা হয় আর্থিক হিসাবের মাধ্যমে। সাধারণত এই হিসাবে ঘাটতি তৈরি হলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তথা মজুত ও বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওপর চাপ বৃদ্ধি পায়। ●
অকা/আখা/ফর/রাত/১১ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 9 months আগে
