অর্থকাগজ প্রতিবেদন ●
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সদস্য (লাইফ) পদে কামরুল হাসানকে ও সদস্য (নন-লাইফ) পদে মো. নজরুল ইসলামকে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ২৩ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব (বীমা) মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাদের এই নিয়োগ দেয়া হয়েছে।
দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র সদস্য (লাইফ) পদটি প্রায় দুই বছর এবং সদস্য (নন-লাইফ) পদটি পাঁচ বছরের বেশি সময় ধরে শূন্য ছিল। সবশেষ গত বছরের ২২ নভেম্বর এসব পদে জনবল নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
কর্তৃপক্ষের সদস্য (লাইফ) পদে নিয়োগপ্রাপ্ত কামরুল হাসান এর আগে ২০১৬ সালে পদ্মা ইসলামী লাইফের মুখ্য নির্বাহী পদে নিয়োগ পান। আইডিআরএ তার এ নিয়োগ অনুমোদন করে ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি। তবে ঋণ খেলাপী হওয়ায় নিয়োগের ২৬ দিন পর ১০ মার্চ তার নিয়োগ অনুমোদন প্রত্যাহার করে নেয় আইডিআরএ।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আগে কামরুল ইসলাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মেটলাইফের ব্যবস্থাপক (দাবী) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কামরুল ইসলাম ১৯৯১ সালে যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে বিবিএ এবং ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব লিচেষ্টার থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টার লাইফ অফিস ম্যানেজমেন্ট এসোসিয়েটস (এলওএমএ) থেকে লাইফ ইন্স্যুরেন্স বিষয়ে এফএলএমআই ডিস্টিংকশন অর্জন করেন।
অন্যদিকে কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) পদে নিয়োগ পাওয়া মো. নজরুল ইসলাম ২০২১ সালের ২৯ জুন এক্সপ্রেস ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পান। এর আগে তিনি প্রভাতী ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং রুপালী ইন্স্যুরেন্সের উর্ধ্বতন নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন।নজরুল ইসলাম ১৯৮৫ সালে কুমিল্লা বোর্ড থেকে এইচএসসি পাস করেন এবং বিএসসি পাস করেন ১৯৮৭ সালে। পরে ২০১১ সালে দারুল ইহসান ইউনিভার্সিটির সাভার ক্যাম্পাস থেকে এমবিএ পাস করেন নজরুল ইসলাম।
আর্থিক প্রতিষ্ঠান বিভগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে অতিরিক্ত সচিব (বীমা) আবদুল্লাহ হারুন পাশার নেতৃত্বে গঠিত ৫ সদস্যবিশিষ্ট বাছাই কমিটির সুপারিশ অর্থ মন্ত্রী বরাবর উপস্থাপন করা হয়। তিন মাস আগে তা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়।
এদিকে দীর্ঘ সময় ধরে শূন্য থাকা লাইফ ও নন লাইফ সদস্য পদে কামরুল হাসান ও মো. নজরুল ইসলামের নিয়োগ নিয়ে অতি সম্প্রতি প্রতিবেদন প্রচার করেছে দেশের বেসরকারি জনপ্রিয় একটি স্যাটেলাইট টিভি। অনুসন্ধানী প্রতিবেদনে সে টিভি চ্যানেল তাদের অযোগ্য ও বিতর্কিত সনদধারী বলে অভিহিত করে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে।
#
অকা/বীখা/ সন্ধ্যা, ২৩ জুন, ২০২২
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
