অর্থকাগজ প্রতিবেদন ● 

দেশের বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) শূন্য ২টি সদস্য পদে প্রাথমিক প্রার্থী বাছাই কাজ সম্পন্ন হয়েছে গতকাল । আবেদনকৃত মোট ২২ জন প্রার্থীর মধ্যে প্রাথমিকভাবে লাইফ ও নন লাইফ বীমার ৭ জনকে বাছাই করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল ২০ জানুয়ারি সকালে সচিবালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (বীমা) আবদুল্লাহ হারুন পাশার সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। আর্থিক প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র অর্থকাগজকে জানায়, সভায় প্রার্থীদের কাগজপত্র যাচাই বাছাই করে মোট ৭ জনকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। কমিটির একজন সদস্য জানান, আশা করি আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে দীর্ঘ সময় ধরে শূন্য পদে থাকা সদস্য (লাইফ) ও সদস্য (নন লাইফ) নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হবে। লাইফ ও নন লাইফ সদস্য পদের জন্য আলাদা আলাদাভাবে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এ মাসের শেষে প্রথম দফার মৌখিক পরীক্ষা শুরু হবে। আগামী মাসে বাকি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রার্থী বাছাই কমিটির সুপারিশের সার সংক্ষেপ অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। মন্ত্রী সিদ্ধান্ত দেয়ার পর সদস্য নিয়োগ চূড়ান্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে ফাইল পাঠানো হবে।

উল্লেখ্য, বীমা খাত লাইফ ও নন লাইফ বীমার ওপর নির্ভর করে দেশের গোটা বীমার কাজ। অথচ দেশের ৭৮টি বীমা প্রতিষ্ঠানসহ প্রায় শতাধিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) কয়েক বছর ধরে ২টি পদেই শূন্য। ২টি পদে নিয়োগের জন্য সরকার ২২ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখা থেকে প্রকাশিত সে বিজ্ঞপ্তিতে ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা রাখা হয় ৬০ বছর। যদিও বীমা আইনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্য নিয়োগে বয়সের যোগ্যতা হিসেবে আইনের ৭ (৩) ছয়ে প্রার্থীর বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে উপ সচিব ও আইডিআরএ’র সদস্য (লাইফ) এবং সদস্য (নন-লাইফ) পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাছাই কমিটির সদস্য সচিব মো. জাহিদ হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বীমা, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন ও আইন বিষয়ে অধ্যয়ণসহ বীমা খাতে ২০ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের কাছে আবেদনপত্র আহবান করা হয়। আবেদনের সময়সীমা ছিল ২৬ ডিসেম্বর, ২০২১।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানায়, প্রাথমিকভাবে প্রার্থী বাছাই পর্বে ৭ জনের মধ্যে বীমা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত ও প্রাক্তন বীমা নির্বাহীও রয়েছেন।

লাইফ সদস্য পদের জন্য আবেদন করা দু’জন প্রার্থীর সঙ্গে কথা হয়। এরমধ্যে গতকাল (২০ জানুয়ারি) সন্ধ্যায় মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত একজন প্রার্থী অর্থকাগজ এর ফোনে এ বিষয়ে পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ইসলামী জীবন বীমা কোম্পানীর সেই প্রধান নির্বাহী সদস্য পদে নিয়োগ লাভের বিষয়টি তিনি গোপন রাখতে চাইছেন। যদি আইডিআরএ’র সদস্য না হন তাহলে বর্তমান চাকরি হারানোর তাঁর আশংকা রয়েছে বলে তিনি মনে করছেন।

#অ/প্র/ সকাল, ২১ জানুয়ারি, ২০২১, ঢাকা

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version