অর্থকাগজ ডেস্ক> 

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়ল গণতান্ত্রিক কঙ্গো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল কঙ্গোর। তবে ম্যাচের ১০ মিনিটেই এলদর শোমুরোদভের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। এরপর একের পর এক আক্রমণ চালিয়েও দীর্ঘ সময় সমতা ফেরাতে পারেনি কঙ্গো।

অবশেষে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান ইয়োয়ান উইসা। আবদুকোদির খুসানোভের ফাউলে পাওয়া স্পটকিক থেকে কোনো ভুল করেননি তিনি।

সমতায় ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কঙ্গো। ৭৮ মিনিটে ফিস্তন মায়েলের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় দলটি। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৩-১ ব্যবধানে কঙ্গোর জয় নিশ্চিত করেন উইসা।

এই জয়ে গ্রুপ পর্ব শেষ করে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে কঙ্গো। ১৯৭৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর দীর্ঘ ৫২ বছর অপেক্ষা শেষে দ্বিতীয় আসরে এসেই প্রথমবার শেষ ৩২-এ জায়গা করে নিল তারা।

প্রথম বিশ্বকাপে তিন ম্যাচেই হেরেছিল কঙ্গো। সেই আসরে যুগোস্লাভিয়ার কাছে ৯-০ গোলের বড় পরাজয়ও দেখতে হয়েছিল আফ্রিকার দেশটিকে। তবে এবার ভিন্ন এক কঙ্গোকে দেখা গেছে। প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর কলম্বিয়ার কাছে মাত্র ১-০ গোলে হারে তারা। শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনের জয় এনে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করল দলটি।

সর্বশেষ হালনাগাদ 20 hours আগে

Leave A Reply

Exit mobile version