অর্থকাগজ প্রতিবেদন>

দেশে প্রথমবারের মতো স্বল্পমেয়াদি বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (বিজিআইএস) ইস্যুর মাধ্যমে ৫ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে সরকার। ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপক আগ্রহের কারণে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ৫৬ হাজার ৬০৭ কোটি টাকার বিড জমা পড়ে, যা চাহিদার তুলনায় ১০ গুণেরও বেশি।

২৭৩ দিন মেয়াদি এই ইজারা সুকুকের নিলাম অনুষ্ঠিত হয় রোববার। এতে বার্ষিক ৯ দশমিক ৩৬ শতাংশ হারে রিটার্ন নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ করা অর্থ গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ বাস্তবায়নে ব্যয় করা হবে।

ব্যাংকারদের মতে, বেসরকারি খাতে ঋণ বিতরণের গতি এখনও প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানো এবং শরিয়াহসম্মত নিরাপদ বিনিয়োগের সুযোগ সীমিত থাকায় ইসলামী ব্যাংকগুলো এ সুকুকের প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছে। নিলামে একটি ইসলামী ব্যাংক একাই ৪ হাজার ৪০০ কোটি টাকার আবেদন করলেও অতিরিক্ত চাহিদার কারণে বরাদ্দ পেয়েছে মাত্র ৪৪০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা জানান, ব্যক্তি বিনিয়োগকারীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। সর্বনিম্ন ১০ হাজার টাকা বিনিয়োগের সুযোগ থাকায় ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই সুকুকে অংশ নেন।

এর আগে সরকার ৫ ও ১০ বছর মেয়াদি সুকুক ইস্যু করলেও এবারই প্রথম স্বল্পমেয়াদি সুকুক চালু করা হলো। অর্থনীতিবিদদের মতে, এ উদ্যোগ ইসলামী ব্যাংকগুলোর স্বল্পমেয়াদি তারল্য ব্যবস্থাপনায় নতুন সুযোগ সৃষ্টি করবে এবং সরকারের জন্যও বিকল্প অর্থায়নের একটি কার্যকর উৎস হিসেবে ভূমিকা রাখবে।

বর্তমানে সরকার ১১টি সুকুক ইস্যুর মাধ্যমে মোট ৫৩ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে আরও পাঁচটি সুকুক ইস্যুর মাধ্যমে ২৯ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

Leave A Reply

Exit mobile version