অর্থকাগজ প্রতিবেদন ●
বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৯৯ টন ৬৬০ কেজি ইলিশ রফতানি হয়েছে। এর মধ্যে ২৬ সেপ্টেম্বর ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি ও ২৮ সেপ্টেম্বর ৪৫ টন ২০০ কেজির মতো গেটপাস হয়েছে। প্রতি কেজি ইলিশ রফতানি হচ্ছে ১০ ডলার, যা বাংলাদেশী ১ হাজার ১৮০ টাকা দরে। বেনাপোল বাজারের মাছের আড়তে পাইকারিতে প্রতি এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৫০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে। বেনাপোল বন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।
মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘এ প্রশ্নের উত্তর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা দিতে পারবেন। তবে আমি যেটা জানি সেটা হলো ইলিশ রফতানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।
নাভারণ বাজার মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ‘স্থানীয় বাজারে যেখানে এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়, সেখানে ভারতে ১০ ডলার বা ১ হাজার ১৮০ টাকা কেজিতে কীভাবে রফতানি হচ্ছে, তা বোঝা যাচ্ছে না।’ এছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ২৮ সেপ্টেম্বর দেড় হাজার টাকা কেজি বিক্রি হয় বলে জানান তিনি। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, ২৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত ১৫টি ট্রাকে ৪৫ টন ২০০ কেজি ইলিশ রফতানি হয়েছে। এ নিয়ে দুই দিনে ভারতে ইলিশ রফতানি হলো ৯৯ টন ৬৬০ কেজি। ●
অকা/শিবা/ফর/সকাল/২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে
