অর্থকাগজ প্রতিবেদন  ●
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিল্পখাতে ৩৩ শতাংশ গ্যাসের দাম বাড়িয়েছে। যা এপ্রিল মাস থেকে কার্যকর হবে। ১৩ এপ্রিল কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। ক্যাপটিভে গ্যাসের দাম ৩০ দশমিক ৫০ টাকা থেকে বেড়ে ৪২ টাকা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যমান গ্রাহকদের দর (শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা) অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) অর্ধেক বিল বিদ্যমান দরে, অর্ধেক ৭৫.৭২ টাকা করার প্রস্তাব করা হয়। অন্যদিকে নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা করা।

পেট্রোবাংলার দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর ২৬ ফেব্রুয়ারি শুনানি গ্রহণ করে বিইআরসি। পেট্রোবাংলা তাদের প্রস্তাবে বলেছে, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ঘাটতি হবে। পেট্রোবাংলার সেই প্রস্তাব নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শুনানিতেও ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা তীব্র আপত্তি তোলেন। বিশেষ করে শিল্পে দুই ধরনের দর করার বিরোধিতা করেন সব পক্ষই। ●

অকা/জ্বালানি/ফর/বিকাল/১৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version