অর্থকাগজ প্রতিবেদন 
চট্টগ্রাম-চায়না নৌরুটে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। নতুন এই রুটে ৯ দিনে চীন থেকে পণ্য বোঝাই জাহাজ এমভি কোটা আংগুন প্রথমবারের মতো ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটিতে নোঙর করেছে। পোর্ট অব নিংবো-ঝুশান থেকে ৫৫২ বক্স কনটেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিপিং সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই রুট গার্মেন্ট শিল্পের অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

শিপিং সংশ্লিষ্টরা জানিয়েছেন, চায়না-চিটাগাং এক্সপ্রেস (সিসিই) নামে এই সার্ভিসে মায়েরক্সলাইন, পিআইএল, সামফাসহ একাধিক প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজের একটি কনসোর্টিয়াম গঠন করা হয়েছে। এ ছাড়া বিএস কার্গো এবং রিলায়েন্স শিপিংও এই কনসোর্টিয়ামে যুক্ত হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই সার্ভিসের আওতায় চীনের পোর্ট অব নিংবো-ঝুশান থেকে প্রথমবারের মতো আমদানিকৃত পণ্য নিয়ে মাত্র ৯ দিনের মাথায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

সংশ্লিষ্টরা জানান, জাহাজটি ৭ সেপ্টেম্বর চীনের নিংবো থেকে যাত্রা করে সাংহাই এবং শেকাউ হয়ে চট্টগ্রামে পৌঁছে। আগে চীন থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসতে ২০ থেকে ২৫ দিন সময় লাগত।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ) সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ নয়া দিগন্তকে বলেন, বাংলাদেশের গার্মেন্ট শিল্পের ৯৯ শতাংশ যন্ত্রপাতি ও কাঁচামাল চীন থেকে আমদানি করা হয়। আবার বাংলাদেশের চামড়াসহ বেশ কিছু পণ্য চীনে রফতানি হয়। এসব পণ্য আমদানি ও রফতানিতে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা পোর্ট কেলাং হয়েই চীন থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য পরিবাহিত হয়। এই প্রক্রিয়া ছিল বেশ সময়সাপেক্ষ। চায়না-চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ পরিচালনা করাটা বেশ সম্ভাবনাময় একটি বিষয়। তবে নিয়মিত জাহাজ চলাচল অব্যাহত রাখা না গেলে এ রুটটি টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। এ ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের পক্ষ জাহাজ চলাচলে অনুমতি উন্মুক্ত হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। ●

অকা/শিবা/ফর/সকাল/১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version