অর্থকাগজ প্রতিবেদন ●
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে নতুন যুগে প্রবেশ করলো।

চট্টগ্রাম থেকে পাইপলাইনে জ্বালানি তেল ঢাকা অঞ্চলে সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে দুই কোটি লিটার ডিজেল পাম্প করা হয়েছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি প্রান্ত থেকে। ১৮ ফেব্রুয়ারি এই ডিজেল পৌঁছাবে গোদনাইল। এরপর যাবে ফতুল্লা ডিপোতে। এ কার্যক্রমকে ‘লাইন প্যাকিং’ বলছে সংশ্লিষ্টরা।

জ্বালানি তেল পরিবহনের জন্য ২০১৮ সালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ২০২০ সালের ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনাসহ নানা জটিলতায় কাজ শুরু হয় ২০২২ সালে। এরপর নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পার করে অবশেষে শেষ হলো কাক্সিক্ষত এই প্রকল্পের কাজ।

প্রকল্পটির পরিচালক মো. আমিনুল হক বলেন, ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রান্ত থেকে ডিজেল পাম্প করা শুরু হয়েছে। ইতোমধ্যেই ডিজেল কুমিল্লা ক্রস করেছে। পুরো লাইন ভর্তি করতে তিন কোটি ১৭ লাখ লিটার ডিজেল লাগবে। তিনি বলেন, লাইন প্যাকিং শেষে মার্চে আনুষ্ঠানিকভাবে গোদনাইল ও ফতুল্লা ডিপোতে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

বিপিসি কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি ২৭ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার এই পাইপলাইন স্থাপনের ফলে বছরে বিপিসির সাশ্রয় হবে ২৫০ কোটি টাকারও বেশি। ●

অকা/জ্বালানি/ফর/সকাল/১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version