নিজস্ব প্রতিবেদক>
প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২৬’ পেয়েছেন সুখ্যাত কবি, কথাসাহিত্যিক এবং জনপ্রিয় পাক্ষিক অর্থকাগজ-এর সম্পাদক ও প্রকাশক প্রণব মজুমদার।
শুক্রবার চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে চর্যাপদ সাহিত্য একাডেমির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত লেখক সম্মেলন-২০২৬-এ তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব, সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং প্রখ্যাত কবি-গবেষক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে তিনি সাহিত্যচর্চার বিকাশে চর্যাপদ সাহিত্য একাডেমির ভূমিকার প্রশংসা করেন এবং সাহিত্য অঙ্গনে সুস্থ ও সৃজনশীল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এবারের আয়োজনে ২০২৫ ও ২০২৬ সালের জন্য মোট ছয়জন বিশিষ্ট সাহিত্যিককে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’ প্রদান করা হয়। ২০২৬ সালের প্রবন্ধ সাহিত্যে অসামান্য অবদানের জন্য সম্মানিত হন প্রণব মজুমদার। একই বছরে কবিতায় জরিনা আখতার এবং নাটকে মোস্তফা কামাল যাত্রাও এ পুরস্কারে ভূষিত হন। এছাড়া ২০২৫-এ কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান, শিশুসাহিত্যে এনায়েত রসুল চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছন।
প্রণব মজুমদার দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ ও সম্পাদনার পাশাপাশি অর্থনীতি, সমাজ ও সমসাময়িক নানা বিষয়ে তাঁর বিশ্লেষণধর্মী লেখালেখি পাঠকমহলে সমাদৃত। জনপ্রিয় পাক্ষিক অর্থকাগজ-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে তিনি দায়িত্বশীল সাংবাদিকতা ও মানসম্পন্ন প্রকাশনার মাধ্যমে বিশেষ পরিচিতি অর্জন করেছেন।
একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে এবং মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক লেখক, কবি, শিল্পী ও সংস্কৃতিকর্মী অংশ নেন। সাহিত্য, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

