অর্থকাগজ প্রতিবেদন>
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতিকে বিভক্ত করে দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চায় সরকার।
শনিবার রাজধানীতে ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির আয়োজিত জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে। সেই আত্মত্যাগের চেতনা ধারণ করেই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত ও বিভাজনের সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে। প্রতিশোধ নয়, সহনশীলতা, সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।
তারেক রহমান বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ দেশের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বিভক্তির রাজনীতি নয়, বরং সবাইকে সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার।
সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

