অর্থকাগজ প্রতিবেদন
সারের ভতুর্কি বাবদ বকেয়া দায় পরিশোধে দুই ব্যাংকের অনুকূলে তিন হাজার ১৬ কোটি টাকার বিশেষ বন্ড ইস্যু করেছে সরকার। সোনালী ব্যাংকের জন্য ২ হাজার ৫৫৭ কোটি টাকা এবং আইএফআইসি ব্যাংকের অনুকূলে ৪৫৯ কোটি টাকার বন্ড ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমোঝতা স্মারক স্বাক্ষর হয়।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ বন্ডের বিপরীতে বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ধারের (রেপো) সমান সুদ পাওয়ার পাশাপাশি নিজেদের বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ (এসএলআর) সংরক্ষণ করতে পারবে ব্যাংক দুটি। সার আমদানি বাবদ সোনালী বাংকের কাছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের দায় মেটাতে ব্যাংকটিকে বিশেষ এ বন্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে বেসরকারি উদ্যোক্তাদের সার আমদানির ভর্তুকি বাবদ দায়ের বিপরীতে আইএফআইসি ব্যাংকের অনুকূলে বন্ড ইস্যু করা হয়েছে। সোনালী ব্যাংকের জন্য ৯ বছর মেয়াদি এবং আইএফআইসি ব্যাংকের অনুকূলে ৮ বছর মেয়াদি বন্ড ইস্যু করা হয়েছে। চলতি ২০২৩–২৪ অর্থবছরে পর্যায়ক্রমে মোট ২০ হাজার কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত জুন শেষে বিদ্যুৎ ও সারে ভর্তুকি বাবদ সরকারের বকেয়া দাঁড়ায় প্রায় ৪২ হাজার কোটি টাকা। বর্তমানে নগদ অর্থে পরিশোধ করা কঠিন হয়ে পড়ায় ব্যাংক ঋণের সমপরিমাণ বন্ড সংশ্লিষ্ট ব্যাংকের অনুকুলে ইস্যুর সিদ্ধান্ত হয়। তবে উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ সরকারের কাছে পাওনার চেয়ে বেশি হলে ভর্তুকির সমপরিমাণ বন্ড দেওয়া হবে। এ দুই খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০টি ব্যাংকে ২৫ হাজার টাকার দায় রয়েছে। এর কিছু অংশ ইতোমধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছে।

অকা/ব্যাংখা/দুপুর/৬ জানুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version