অর্থকাগজ প্রতিবেদন ●
২০২৪–২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী দেশের গড় মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আগের অর্থবছর ২০২৩–২৪ সালে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে গড়ে আয় বৃদ্ধি পেয়েছে ৩১ ডলার।
তবে মাথাপিছু আয় বলতে ব্যক্তিগত আয়ের হিসাব বোঝায় না। দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট আয় এবং প্রবাস থেকে অর্জিত আয়—উভয় মিলিয়ে জাতীয় আয়ের যে মোট পরিমাণ দাঁড়ায়, তা মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে গড় সংখ্যা পাওয়া যায়, সেটিই মাথাপিছু আয় হিসেবে গণ্য হয়। ফলে এটি সামষ্টিক অর্থনীতির একটি গড় সূচক, যা দেশের সামগ্রিক আয় পরিস্থিতির ধারণা দেয়, কিন্তু ব্যক্তিভেদে আয়ের বৈষম্য প্রতিফলিত করে না।
টাকার হিসাবে বর্তমানে দেশের মানুষের গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫৫১ টাকা। সংশ্লিষ্ট পরিসংখ্যান বলছে, টানা দুই বছর নিম্নমুখী থাকার পর ২০২৪–২৫ অর্থবছরে আবারও মাথাপিছু আয় বৃদ্ধির ধারায় ফিরেছে। সাম্প্রতিক কয়েক বছরের চিত্র এমন:
-
২০২১–২২ অর্থবছর: ২,৭৯৩ ডলার (এখন পর্যন্ত সর্বোচ্চ)
-
২০২২–২৩ অর্থবছর: ২,৭৪৯ ডলার
-
২০২৩–২৪ অর্থবছর: ২,৭৩৮ ডলার
-
২০২৪–২৫ অর্থবছর: ২,৭৬৯ ডলার
অন্যদিকে, একই সময়ে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার কমেছে। চূড়ান্ত হিসাবে ২০২৪–২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ, যা সাময়িক হিসাবের তুলনায় ০ দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট কম। এর আগের অর্থবছর ২০২৩–২৪ সালে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২২ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, মাথাপিছু আয়ে সামান্য বৃদ্ধি ইতিবাচক ইঙ্গিত দিলেও জিডিপি প্রবৃদ্ধি হ্রাস পাওয়া সামগ্রিক অর্থনৈতিক গতি মন্থর হওয়ার ইঙ্গিত বহন করে। উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্প্রসারণ যদি কাঙ্ক্ষিত গতিতে না বাড়ে, তবে আয় বৃদ্ধির এই প্রবণতা দীর্ঘমেয়াদে টেকসই নাও হতে পারে। আগামী অর্থবছরে বিশেষ করে বিনিয়োগ প্রবাহ, রপ্তানি আয় এবং প্রবাসী আয়—এই তিনটি উপাদানই সামষ্টিক অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ●
অকা/প্র/ই/সকাল/২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 17 hours আগে

