অর্থকাগজ প্রতিবেদন ●
দক্ষিণ কোরিয়া বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে কর্মী নিয়োগে আগ্রহী। বাংলাদেশের ইতিবাচক ব্যবসায়িক পরিবেশে অনেক দক্ষিণ কোরিয়ান কোম্পানি বিনিয়োগে আগ্রহী। এছাড়া দক্ষিণ কোরিয়ার অনেক কোম্পানি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানা পরিচালনা করছে।

দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ করে জাহাজ নির্মাণ শিল্পে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। ৪ নভেম্বর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরো উন্নত সম্পর্কের প্রত্যাশা করছি এবং আমাদের বিদ্যমান সম্পর্ককে পরবর্তী ধাপে উন্নীত করতে চাই। কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েন এবং সাম্প্রতিক পেণাস্ত্র পরীার বিষয়ে তিনি উদ্বিগ্ন। প্রধান উপদেষ্টা কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) সবচেয়ে বড় প্রাপক দেশ এবং বাংলাদেশ কোরিয়ার একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাংলাদেশের জন্য ইডিসিএফের মোট ঋণ সহায়তার পরিমাণ তিন বিলিয়ন ডলার, যা ৩৪টি প্রকল্পে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ইডিসিএফের অধীনে ১৪টি প্রকল্প চলমান রয়েছে বা সম্ভাব্যতা যাচাই চলছে। এর ফলে কোরিয়ান বিনিয়োগের পরিমাণ ৭ বিলিয়ন ডলারে উন্নীত হবে।

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মুরশেদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ●

অকা/প্রউ/ফর/রাত/৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version