অর্থকাগজ প্রতিবেদন ●
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো ডলারের পরিমাণ বাড়ছে। চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৮ কোটি ১৩ লাখ ডলার। এর মধ্যে প্রথম সাত দিনে এসেছিল ৬১ কোটি ৬৪ লাখ ডলার। আর পরের সপ্তাহে এসেছে ৭৬ কোটি ৪৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ৭৬ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৪ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৬ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ লাখ ৮০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৮৭৪ কোটি ২২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিলে প্রবাসী আয় আরও বাড়তে পারে। প্রবাসীদের জন্য সহজতর সেবা নিশ্চিত করতে পারলে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী। এদিকে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৪০ কোটি এবং নভেম্বরে মাসে এসেছে ২২০ কোটি ডলার।
এর আগের অর্থবছরে (২০২৩-২৪) দুই হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিট্যান্সের এ অঙ্ক এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সে বছর প্রবাসী আয় এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ডলার। ●
অকা/ব্যাংখা/ই/ সকাল, ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

