অর্থকাগজ ডেস্ক >
রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে পল্লবী থানার কাছে তাকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, সাহেদ করিমের বিরুদ্ধে একটি সিআর (কমপ্লেইন্ট রেজিস্টার) মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পল্লবী থানার অনুরোধে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করেছে।
তিনি বলেন, "আমরা তাকে থানায় নিয়ে আসছি। জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মামলার বিষয়ে বিস্তারিত জানানো হবে।"
উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায়। অভিযানে করোনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ প্রদান, প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়।
এর পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় রিজেন্ট হাসপাতালের কার্যক্রম বন্ধ করে প্রতিষ্ঠানটির কার্যালয় সিলগালা করা হয়। একই দিনে সাহেদ করিমসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। পরে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব।
বিভিন্ন মামলায় দীর্ঘ সময় কারাগারে থাকার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। সব মামলায় জামিন লাভের পর তিনি কারামুক্ত হন।
সর্বশেষ হালনাগাদ 1 day আগে

