অর্থকাগজ ডেস্ক> 

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করছে ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। এর আগে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশিদের জন্য স্বাভাবিক ভিসা আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করা হচ্ছে এবং ২৮ জুন থেকে আবেদন জমা নেওয়া হবে। তবে মানবিক ও জরুরি প্রয়োজন বিবেচনায় মেডিকেল ভিসা সেবা আগের মতোই অব্যাহত থাকবে।

তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও গভীর করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ভারত আশা করছে।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে অন্যান্য কেন্দ্রেও এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারতের ভিসা কার্যক্রম সীমিত হয়ে যায়। সেই সময় থেকে পর্যটন ভিসা কার্যত বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশিদের জন্য এ ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হলো।

সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

Leave A Reply

Exit mobile version