অর্থকাগজ প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের কাঠামো ও স্বায়ত্তশাসনে বড় পরিবর্তন আনতে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এ সংশোধন প্রস্তাব করা হয়েছে। প্রণীত খসড়া অনুযায়ী, গভর্নরের নিয়োগ রাষ্ট্রপতির মাধ্যমে হবে এবং মেয়াদ ৪ বছর থেকে বাড়িয়ে ৬ বছর করার সুপারিশ রয়েছে। পাশাপাশি গভর্নর ও ডেপুটি গভর্নরের শপথ প্রক্রিয়া, পদমর্যাদা বৃদ্ধি এবং সংসদের সম্মতি অন্তর্ভুক্ত করার বিষয়েও প্রস্তাব এসেছে।

সোমবার (১১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রস্তাবিত খসড়ায় বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন বৃদ্ধি এবং রাজনৈতিক প্রভাব হ্রাসকে প্রধান লক্ষ্য হিসেবে রাখা হয়েছে।

বর্তমান আইনে সরকার যোগ্য ব্যক্তিকে গভর্নর ও এক বা একাধিক ডেপুটি গভর্নর নিয়োগ দিতে পারে। তবে খসড়া অর্ডিন্যান্সে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ, এতদিন প্রধানমন্ত্রী চাইলে রাষ্ট্রপতির অনুমতি ছাড়াই গভর্নর নিয়োগ দিতে পারতেন, কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সঙ্গে পরামর্শ করে গভর্নর নিয়োগ দেবেন। পাশাপাশি, গভর্নর নিয়োগে সংসদের সম্মতি নেওয়ার বিষয়টিও যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত জবাবদিহিতা নিশ্চিত করবে।

খসড়ায় গভর্নরের মেয়াদ বাড়ানোর প্রস্তাবও উল্লেখযোগ্য। ১৯৭২ সালের ব্যাংক আইন অনুযায়ী বর্তমান মেয়াদ ৪ বছর, যা বৃদ্ধি করে ৬ বছর করার কথা বলা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি নীতি বাস্তবায়নে ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া গভর্নর ও ডেপুটি গভর্নরের পদমর্যাদা বৃদ্ধির পাশাপাশি শপথ গ্রহণ প্রক্রিয়ায়ও পরিবর্তনের প্রস্তাব রয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “কেন্দ্রীয় ব্যাংককে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে এবং এর ক্ষমতা বৃদ্ধি ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে ব্যাংক আইনে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।”

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান, “অর্ডিন্যান্সের খসড়া প্রস্তুত হয়েছে। তবে প্রস্তাবিত কোন বিষয়গুলো চূড়ান্তভাবে গৃহীত হবে তা অর্ডিন্যান্স জারির পরেই জানা যাবে।”

প্রস্তাবিত এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক আরও স্বাধীনভাবে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারবে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। একইসঙ্গে, গভর্নর নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়লে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও বাড়তে পারে।
অকা/ব্যাংখা/ই/সকাল/১২ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 6 months আগে

Leave A Reply

Exit mobile version