অর্থকাগজ প্রতিবেদন>

গুণগত মান নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটির নিয়মিত মান পরীক্ষায় এসব পণ্য নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি বলে জানানো হয়েছে।

সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, পরীক্ষায় ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেস উৎপাদিত ‘আমের আচার’-এ অনুমোদিত মাত্রার চেয়ে বেশি প্রিজারভেটিভ পাওয়া গেছে।

এছাড়া কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের ‘রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিম’-এ নির্ধারিত মানের তুলনায় অতিরিক্ত টোটাল মিল্ক সলিড নন-ফ্যাট শনাক্ত হয়েছে।

অন্যদিকে অলিভ বাংলাদেশ উৎপাদিত লাবণ্য ব্র্যান্ডের চারটি প্রসাধনী পণ্য—মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে।

এ ছাড়া ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ফ্লেভারের সফট ড্রিংক পাউডারে নির্ধারিত মাত্রার তুলনায় কম ভিটামিন ‘সি’ পাওয়া গেছে।

বিএসটিআই জানিয়েছে, মান পরীক্ষায় অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রত্যাখ্যানপত্র পাঠানো হয়েছে। নতুন করে লাইসেন্স অনুমোদন বা নবায়ন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিপণন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে পরিবেশক, ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে অনতিবিলম্বে এসব পণ্য বাজার থেকে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ হালনাগাদ 11 hours আগে

Leave A Reply

Exit mobile version