অর্থকাগজ ডেস্ক>
বিশ্বকাপের মঞ্চে বহুদিনের অপেক্ষার অবসান ঘটাল মিসর। ফিফা বিশ্বকাপের চতুর্থ আসরে অংশ নিয়ে অবশেষে প্রথম জয়ের স্বাদ পেল আফ্রিকার দেশটি। গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করেছে মিসর। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক মোহামেদ সালাহ, যিনি একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন।
কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য মিসরের জন্য সুখকর ছিল না। ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি মিসর। ৩৫ মিনিটে ওমর মারমুশের ফ্রি-কিক থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি সালাহ।
বিরতির পর মাঠে নেমেই বদলে যায় মিসরের চেহারা। ৫৮ মিনিটে মোস্তফা জিকো হেডে গোল করে সমতা ফেরান। এরপর ৬৭ মিনিটে জিকোর ব্যাকহিল পাস থেকে দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে মিসরকে এগিয়ে দেন সালাহ। বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় গোল।
লিড পাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে মিসর। ম্যাচের ৮২ মিনিটে ত্রেজেগের হেড থেকে আসে দলের তৃতীয় গোল। এর মধ্য দিয়ে ৩-১ গোলের জয় নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা।
এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিলেও কখনও জয়ের মুখ দেখেনি মিসর। বিশ্বকাপে নিজেদের নবম ম্যাচে এসে সেই আক্ষেপ ঘুচল। অন্যদিকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা নিউজিল্যান্ডও এখনও বিশ্বকাপে প্রথম জয়ের অপেক্ষায় রয়ে গেল।
এই জয়ের ফলে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে মিসর। প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করা দলটি এখন নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে। সালাহর নেতৃত্বে ইতিহাস গড়া এই জয় মিসরের ফুটবল ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
সর্বশেষ হালনাগাদ 16 hours আগে

