অর্থকাগজ ডেস্ক>

শিরোপার স্বপ্ন পূরণ না হলেও ব্যক্তিগত কৃতিত্বে আরেকটি অনন্য ইতিহাস গড়লেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন গোল্ডেন বুট। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পরপর দুই আসরে এই সম্মান অর্জনের নজির গড়লেন তিনি।

পুরো টুর্নামেন্টে আট ম্যাচে ১০ গোল করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই পারফরম্যান্সে তিনি গোলদাতার তালিকায় পেছনে ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও আট গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে।

এক আসরে ১০ গোল করার বিরল কীর্তিও গড়েছেন ফরাসি তারকা। ১৯৭০ সালে পশ্চিম জার্মানির কিংবদন্তি জার্ড মুলারের পর তিনিই প্রথম ফুটবলার, যিনি বিশ্বকাপের একটি আসরে ১০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। বিশ্বকাপের এক আসরে তার চেয়ে বেশি গোল করতে পেরেছেন শুধু ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮ সালে ১৩ গোল) এবং হাঙ্গেরির শান্দর কচিশ (১৯৫৪ সালে ১১ গোল)।

এদিকে বিশ্বকাপের ইতিহাসে পুরুষদের ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষেও উঠে এসেছেন এমবাপ্পে। চারটি বিশ্বকাপ মিলিয়ে তার মোট গোলসংখ্যা এখন ২২, যা লিওনেল মেসির চেয়ে একটি বেশি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেই এই রেকর্ড গড়েন এমবাপ্পে। যদিও তার দুর্দান্ত নৈপুণ্যও ফ্রান্সকে জয় এনে দিতে পারেনি। ৬-৪ ব্যবধানে হেরে চতুর্থ স্থান নিয়েই বিশ্বকাপ শেষ করে লে ব্লুরা।

বিশ্বকাপ ট্রফি হাতে না উঠলেও ব্যক্তিগত অর্জনের বিচারে ২০২৬ আসরটি স্মরণীয় হয়ে থাকবে কিলিয়ান এমবাপ্পের জন্য। গোল করার ধারাবাহিকতা ধরে রেখে তিনি আরও একবার প্রমাণ করলেন, বর্তমান ফুটবলের অন্যতম সেরা গোলস্কোরারদের একজন তিনি।

সর্বশেষ হালনাগাদ 1 day আগে

Leave A Reply

Exit mobile version