অর্থকাগজ ডেস্ক> 

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে কয়েক সপ্তাহের অস্থিরতার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও যুদ্ধ শুরুর আগের অবস্থানে নেমে এসেছে। সরবরাহে বড় ধরনের বিঘ্ন না ঘটার আশ্বাস এবং বাজারে পর্যাপ্ত তেল সরবরাহের প্রত্যাশায় মূল্য কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (২৫ জুন) লেনদেনে ব্রেন্ট ক্রুডের আগস্ট ডেলিভারির দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৬ ডলার বা প্রায় ১ দশমিক ৪৪ শতাংশ কমে ৭২ দশমিক ৬৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও নিম্নমুখী ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে শুরুতে যে আশঙ্কা তৈরি হয়েছিল, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার যে শঙ্কা ছিল, তা অনেকটাই কমে এসেছে। ফলে বিনিয়োগকারীদের উদ্বেগও হ্রাস পেয়েছে এবং বাজারে বিক্রির চাপ বেড়েছে।

এছাড়া ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদন অব্যাহত থাকা এবং বৈশ্বিক বাজারে পর্যাপ্ত সরবরাহের সম্ভাবনাও তেলের দাম কমার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও স্থিতিশীলতার আভাস দেখা যাচ্ছে।

বিশ্লেষকদের ভাষ্য, ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন করে জটিল না হলে আগামী দিনগুলোতেও তেলের বাজার তুলনামূলক স্থিতিশীল থাকতে পারে। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে দামের ঊর্ধ্বগতি আবারও ফিরে আসার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সর্বশেষ হালনাগাদ 2 months আগে

Leave A Reply

Exit mobile version