অর্থকাগজ ডেস্ক> 

২০২২ বিশ্বকাপে মরক্কোর স্বপ্নভঙ্গ ঘটিয়েছিল ফ্রান্স। চার বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হয়ে একই ফল দেখল আফ্রিকার দলটি। দুর্দান্ত নৈপুণ্যে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন এখন আরও বাস্তব হয়ে উঠেছে ফরাসিদের সামনে।

ম্যাসাচুসেটসের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ফ্রান্স। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। ২৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন। ফলে বিরতিতে যায় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ম্যাচের ৬০তম মিনিটে বাঁ দিক থেকে দুর্দান্ত শটে বুনুকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। প্রথমার্ধের পেনাল্টি মিসের হতাশা এক মুহূর্তেই ভুলিয়ে দেন তিনি।

গোল হজমের পর মরক্কো সমতায় ফেরার চেষ্টা চালালেও ফরাসি রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৬৬তম মিনিটে এমবাপ্পের তৈরি করা আক্রমণ থেকে ওসমান দেম্বেলে দ্বিতীয় গোল করলে ম্যাচ কার্যত ফ্রান্সের নিয়ন্ত্রণে চলে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই শেষ চারের টিকিট নিশ্চিত করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে ফ্রান্সের ধারাবাহিক সাফল্যও ঈর্ষণীয়। ২০১৮ সালে শিরোপা জয়ের পর ২০২২ সালে রানার্সআপ হয়েছিল তারা। এবার সেমিফাইনাল জিততে পারলেই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলবে ‘লে ব্লু’রা।

বিশ্বকাপ ইতিহাসে ইউরোপের একমাত্র দল হিসেবে টানা তিনটি ফাইনাল খেলেছিল পশ্চিম জার্মানি (১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০)। এবার সেই বিরল কীর্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ফ্রান্স।

 
 

সর্বশেষ হালনাগাদ 15 hours আগে

Leave A Reply

Exit mobile version