অর্থকাগজ প্রতিবেদন> 

মোবাইল ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষে অব্যবহৃত ডাটা কেটে নেওয়া এবং সপ্তাহের শেষ দিকে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৫তম কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিষয়গুলো তুলে ধরেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন কায়সার কামাল

জয়নুল আবদিন ফারুক বলেন, সরকারের কাছে মোবাইল অপারেটরদের বিপুল পরিমাণ বকেয়া রয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চারটি মোবাইল ফোন অপারেটরের কাছে সরকারের পাওনা প্রায় ১৩ হাজার ৪০০ কোটি টাকা। একটি উন্নয়নশীল দেশের জন্য এ ধরনের বকেয়া আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

মোবাইল ইন্টারনেট ব্যবহারের বিষয়ে তিনি বলেন, গ্রাহকরা নির্দিষ্ট অর্থ ব্যয় করে ডাটা কিনলেও প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডাটা হারিয়ে যায়। একজন গ্রাহকের কয়েকশ টাকার ডাটা অবশিষ্ট থাকলেও তা পরবর্তী সময়ে ব্যবহার করতে পারেন না। এ ধরনের ব্যবস্থা ভোক্তাদের জন্য অন্যায্য বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে বিমান ভাড়ার অস্বাভাবিক ওঠানামা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তার অভিযোগ, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার ও শুক্রবার অভ্যন্তরীণ রুটের টিকিটের দাম কয়েকগুণ বেড়ে যায়। সাধারণ যাত্রীদের স্বার্থে এ বিষয়ে নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।

ফারুকের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন বিরোধী দলের সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি বলেন, বিমান টিকিটের উচ্চমূল্য নিয়ে এর আগেও সংসদে বিষয়টি উত্থাপন করা হলেও এখনও কার্যকর কোনো সমাধান হয়নি। সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে এমন পরিস্থিতি বন্ধ হওয়া প্রয়োজন।

সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

Leave A Reply

Exit mobile version