অর্থকাগজ প্রতিবেদন>
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় বাংলাদেশকে সর্বনিম্ন অতিরিক্ত ১০ শতাংশ শুল্কের স্তরে রাখা হয়েছে। একই ব্যবস্থায় বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের জন্য ১২ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণ করায় মার্কিন বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ২৩ জুলাই ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় ৮৬টি দেশের প্রতিনিধিত্বকারী ৬০টি অর্থনীতির ওপর নতুন শুল্ক কাঠামো ঘোষণা করেছে। জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)-এর তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপদেষ্টা বলেন, ওয়াশিংটন সময় ২৪ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে নতুন শুল্ক কার্যকর হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া সব পণ্যের ওপর বিদ্যমান মোস্ট-ফেভার্ড-নেশন (এমএফএন) শুল্কের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ৮৬টি দেশের মধ্যে ১৭টি দেশ এই সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্কের আওতায় রয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডকে ১২ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত শুল্কের আওতায় রাখা হয়েছে। ফলে তুলনামূলকভাবে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে কিছুটা মূল্যগত সুবিধা পেতে পারে, যা বিশেষ করে তৈরি পোশাক ও অন্যান্য রফতানিমুখী খাতের জন্য ইতিবাচক হতে পারে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জন্য তিন বছরের ট্যারিফ-রেট কোটা (TRQ) ব্যবস্থা বিবেচনা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ও বস্ত্র উপকরণ ব্যবহার করে বাংলাদেশে তৈরি পোশাক ও অন্যান্য পণ্যের ক্ষেত্রে সেকশন ৩০১-এর অতিরিক্ত শুল্ক থেকে অব্যাহতির সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশের রফতানিকারকরা আরও বেশি প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারবেন।
বাণিজ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম অতিরিক্ত শুল্ক আরোপ বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক হলেও এটি স্বয়ংক্রিয়ভাবে রফতানি বাড়িয়ে দেবে না। এ সুযোগ কাজে লাগাতে হলে উৎপাদন ব্যয় কমানো, সময়মতো পণ্য সরবরাহ, শ্রমমান ও পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করা এবং বাজার বহুমুখীকরণের উদ্যোগ আরও জোরদার করতে হবে।
সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

