মুনতাসীর মামুন
রাজধানীর কাফরুল থানার মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে মিরপুর-১৩ এর ই-ব্লক এলাকায় ওপেক্স গার্মেন্টস ও শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলী (৪৫) কে মৃত ঘোষণা করেন।
নিহত ইউসুফ আলী কাফরুল থানা যুবদলের কর্মী বলে জানা গেছে। তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার শাকরাল এলাকায়। তিনি বুকে ডান পাশে গুলিবিদ্ধ হয়েছিলেন।
গুলিবিদ্ধ অপর দুইজন হলেন—নালাম সরদার (৪৫), পেশায় ফুটপাতে কাঁচামাল ব্যবসায়ী। তিনি মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছেন। মনির হোসেন (৩২), পেশায় ফুটপাতে কাপড় ব্যবসায়ী। তিনি বাম পায়ে গুলিবিদ্ধ হন। দুজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ঘটনার পর স্থানীয় জনতা একজন সন্দেহভাজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাফরুল থানা সূত্র জানায়, প্রাথমিক তথ্যে ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্য সচিব মো. হাফিজুল ইসলাম বাবু গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও নিহত ও আহতদের পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত যাচাই চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলার কারণ, জড়িতদের পরিচয় ও উদ্দেশ্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ হালনাগাদ 53 minutes আগে

