অর্থকাগজ প্রতিবেদন 

অতি সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির নতুন এমডি হিসেবে যোগদান করেছেন হুমায়রা আজম। আর্থিক খাতে তিনি গত ৩৪ বছর ব্যবসায়িক পুনর্গঠন ও পরিবর্ধনে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্বের পরিচয় দিয়ে আসছেন।

হুমায়রা আজম ঢাকার একটি সম্মানিত মুসলিম পরিবারে ১৯৬৪ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ভিকারুননিসা নূন স্কুল শেষে সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে পড়াশোনা করেন। তারপর  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতোক্তর ডিগ্রি লাভ করেন। সামাজিক বিজ্ঞানে মাস্টার্স (International Relations) শেষ করার পর হুমাইরা আজম ১৯৯০ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে (ANZ Grindlays Bank) ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৩ সালের দিকে তিনি এএনজেড ব্যাংকে স্থানীয় কর্পোরেট ব্যবসাকে আরো প্রসারিত করেন। তিনি তিনটি বহুজাতিক ব্যাংক, একটি আর্থিক প্রতিষ্ঠান এবং দুটি স্থানীয় বেসরকারি ব্যাংকের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মেয়াদকালে এইচএসবিসি বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং আইপিডিসি ফাইন্যান্স শক্তিশালী কাঠামো গঠন থেকে শুরু করে ব্যবসা সম্প্রসারণ এবং সফল কৌশল বাস্তবায়নে দক্ষতার পরিচয় দিয়েছে।

১৯৯৬ সালে, হুমায়রা আজম এইচএসবিসি বাংলাদেশে যোগদান করেন, যেখানে তিনি ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হন। ২০০২ সালে, তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগদান করেন, যেখানে তিনি গ্রুপ স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (GSAM) বিভাগের পরিচালক এবং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট বিভাগের পরিচালক ও প্রধান হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কান্ট্রি বাজেটের ঘাটতি সফলভাবে রিকভার করার ক্ষেত্রে হুমায়রা অবদান ছিল অতুলনীয়।হুমায়রা আজম এসসিবি বাংলাদেশের (SCB Bangladesh) কান্ট্রি ম্যানেজমেন্ট কমিটির (MANCO) প্রথম মহিলা সদস্য। তিনি এসসিবিতে আর্থিক প্রতিষ্ঠানের অবস্থান পুনর্গঠন ও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

হুমায়রা আজম নন-ব্যাংকিং খাতে দেশের প্রথম নারী প্রধান নির্বাহী হিসেবে ট্রাস্ট ব্যাংক ও আইপিডিসি ফাইন্যান্সে কর্মরত ছিলেন। পেশাগত জীবনে তিনি করপোরেট ব্যাংকিং, বাণিজ্যিক ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, ট্রেজারি, রিটেইল ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনা, শাখা ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, ঋণ ব্যবস্থাপনা, মূলধন ব্যবস্থাপনা, আর্থিক প্রতিষ্ঠান ও সিকিউরিটিজের বিভিন্ন শাখায় কাজ করেছেন।

অকা/পুঁবা/প্র/সকাল/৩০আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

 

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version